২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ১৩ দিন ধরে ছাত্রদল নেতা নিখোঁজ

নিখোঁজের ১৩ দিন পরও ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রদল নেতা ইলিয়াস হোসেনের (১৮) সন্ধান মেলেনি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2014, 09:42 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

স্বজনরা জানান, গত ২৬ মে বিকালে সদরের বেড়বাড়ি গ্রামের বাড়ি থেকে শহরে মেসের উদ্দেশে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন ইলিয়াস।

ইলিয়াস ওই গ্রামের সানারুদ্দীন মোল্লার ছেলে এবং উপজেলা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক ও পাগলাকানাই ইউনিয়ন কমিটির যুগ্ম-সম্পাদক।

সরকারি কেসি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেন তিনি।

ইলিয়াসের মা আনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, গত উপজেলা নির্বাচনের পর থেকে ইলিয়াস শহরের পাগলাকানাই এলাকায় মেসে থাকতেন। ২৬ মে সন্ধ্যার আগে বাড়ি থেকে টাকা নিয়ে ঝিনাইদহ শহরে মেসের উদ্দেশ্যে রওনা হন। তারপর থেকে তার আর খোঁজ নেই।

রাজাপুর গ্রামের আলেয়া বেগম জানান, ঘটনার পরদিন তিনি বাড়ির পাশে বাগানে একটি বাই সাইকেল পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে আসেন। পরে জানতে পারেন সাইকেলটটি পার্শবর্তী বেড়বাড়ি গ্রামের ইলিয়াসের। 

এরপর এক রাতে রাজাপুর গ্রামের রাস্তায় একটি মোবাইল সেট কুড়িয়ে পান একই গ্রামের আরিফ হোসেন।

তিনি জানান, মোবাইলটি ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায় এটি নিখোঁজ ইলিয়াসের। তার ব্যবহৃত স্যান্ডেলও পাওয়া যায়।

৩০ মে পুলিশ খবর পেয়ে ইলিয়াসের বাবাকে বাড়ি থেকে ডেকে এনে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি নথিভুক্ত করে।  

ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, ইলিয়াস বেঁচে আছেন কি না তা তার জানা নেই। তার মোবাইল ফোনের কল লিস্ট ধরে তদন্ত চলছে।