একরাম হত্যা: জিহাদের জবানবন্দি প্রদান
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় দুদফা জিজ্ঞাসাবাদ শেষে আওয়ামী লীগ নেতা জাহিদ চৌধুরী জিহাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম খাইরুল আমিনের কাছে তিনি ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন।
একরামুল হক
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
আবুল কালাম আজাদ জানান, বিকালে জিহাদকে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য আদালতে তোলা হয়। রাত ১০টায় বিচারক খাইরুল আমিনের উপস্থিতিতে জাহিদ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
এরপর তাকে ফেনী কারাগারে পাঠানো হয় বলে জানান আবুল কালাম।
জাহিদ চৌধুরী জিহাদ গত ২৬ মে প্রথম দফায় ৮ দিন ও ২ জুন দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ডে ছিলেন।
একরাম হত্যার ঘটনায় গত ২৫ মে জাহিদ চৌধুরী জিহাদকে ফেনীর গোয়েন্দা পুলিশ বারাহিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিহাদ ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন। হত্যার ঘটনার পর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ গত ২৬ মে তাকে দল থেকে বহিষ্কার করে।
একরাম হত্যায় জড়িত এ পর্যন্ত ১৩ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২০মে সকালে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
