২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছ ধরতে চাই ঝালকাঠীর ‘চাই’

জ্যৈষ্ঠের ঘন বর্ষণে ইতিমধ্যে বর্ষা তার আগাম আগমণ বার্তা জানিয়ে দিয়েছে। ঋতু বৈচিত্র্যের এ দেশের সংস্কৃতিতে বর্ষা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

পলাশ রায়

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 09:50 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

বৃষ্টিভেজা শ্যামল বাংলা অপরূপ শোভা ধারণ করে। যেদিকে তাকানো যায় শুধু পানি আর পানি, সে এক অবর্ণনীয় নৈসর্গিক শোভা। নদী, খাল, বিলসহ তামাম জলাশয় পূর্ণ হয়ে ওঠে। ভেলা বানিয়ে গাঁয়ের ছেলেরা ভাসান দেয় বিলের জলে। কিশোর-যুবা-বৃদ্ধ মেতে ওঠে মাছ ধরায়। 

জ্যৈষ্ঠের তৃতীয় সপ্তাহে গ্রীষ্মের এই দাবাদাহের মধ্যেও তাই আসন্ন বার্ষাঋতুর অপেক্ষায় দিন গুণছে বাংলার মানুষ, প্রস্তুতি নিচ্ছে বর্ষা উদযাপনের।

প্রবাদ রয়েছে: ধান-নদী-খাল এ তিনে বরিশাল। বৃহত্তর বরিশালের একটি জেলা ঝালকাঠী। ঝালকাঠী সদরের দুই ইউনিয়নের ১০ গ্রামের অন্তত ৪০টি পরিবার এখন ব্যস্ত রয়েছেন মাছ ধরার দেশীয় নানা ফাঁদ তৈরির কাজে।

জেলা শহরের টাউনহল চত্বরে ইতিমধ্যে বসেছে চাইসহ নানা ধরনের মাছ ধরার ফাঁদ বিক্রির হাট।

বাঁশ দিয়ে মাছ ধরার এ নিপুন ফাঁদ বিক্রির মাধ্যমে এ মৌসুমে আয় বাড়িয়ে ণেয় এর সঙ্গে যুক্ত পরিবারগুলো।

সদর উপজেলার নবগ্রাম ও গাভারামচন্দ্রপুর ইউনিয়নের দশ গ্রামে মাছ ধরার এ ফাঁদ তৈরি হয় বাণিজ্যিকভাবে। এ কাজ করে তারা পরিবারে এনেছে স্বচ্ছলতা।

সদর ছাড়াও জেলার নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলাসহ আশপাশের জেলাও ঝালকাঠীর চাই-বুছনা নিয়ে হাট বসাতে শুরু করেছে ইতিমধ্যে।

ঝালকাঠী শহরের টাউনহল চত্বরে সপ্তাহে দুদিন বৃহস্পতি ও সোমবার চাই-বুছনার হাট বসছে। এটাই জেলার সবচেয়ে বড় হাট।

সদর উপজেলার হোসেনপুর গ্রামের রমজান আলী (৪৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা বছরের ছয় মাস ধরে এ কাজে লেগে থাকবেন। দেশি বাঁশ এ ব্যবসার প্রধান কাঁচামাল।

গ্রামের তল্লা বাঁশ দিয়ে চাই-বুছনা বানান তারা। একটি বাঁশে কম করে হলেও ৩/৪টি চাই বানানো যায়। তবে বুছনা একটু বড় আকারে হয়। ঘরের অন্যান্য কাজের ফাঁকে প্রতিদিন গড়ে একজোড়া চাই বানানো যায় বলে তিনি জানান।

পাঞ্জিপুঁথিপাড়া গ্রামের মর্জিনা বেগম (৫০) বলেন, ৩০ বছর ধরে চাই বানাচ্ছেন তারা। প্রথম দিকে নিজেদের মাছ ধরার জন্য তৈরি করতেন চাই। কিন্তু এখন বুচনা, গড়াসহ বিভিন্ন মাছ ধরার ফাঁদ তৈরি করছেন বিক্রির জন্য।

তারা বছরের চার থেকে ছয় মাস এ কাজ করে থাকেন বলে জানান মর্জিনা।

ঝালকাঠী শহরের টাউনহল চত্বরে বৃহস্পতিবার সকালে হাটে আসা বিক্রেতা কাশেম আলী (৪৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ৭/৮ বছর ধরে চাই-বুছনা বিক্রি করছেন। প্রথম দিকে এর কদর ছিল না। এখন চাই বুছনার চাহিদা বেড়েছে।

দেড়শ টাকা থেকে পাঁচশ টাকায় চাই-বুছনার জোড়া বিক্রি হচ্ছে। পুরো মৌসুমে সত্তর হাজার থেকে একলাখ টাকার চাই বিক্রি হবে তার। এ আয় দিয়ে এ মৌসুমটা ভালই চলে যাবে বলে জানান কাশেম আলী।

এ ব্যাপারে কথা হয় ঝালকাঠী বিসিকের উপ-ব্যবস্থাপক আশ্রাফুজ্জামানের সঙ্গে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামীণ এ মৌসুমি পেশাটিকে কুটির শিল্প সমৃদ্ধ করতে বিসিক থেকে ঋণ ও অন্যান্য সহযোগিতা দেয়া হচ্ছে।

কয়েকটি গ্রাম ঘুরে জানা গেছে, নানান আঙ্গিকে তৈরি এ ফাঁদগুলোর রয়েছে বিভিন্ন নাম। কোনোটিকে বলা হয় চাই, কোনোটি বুছনা, কোনোটিকে গড়া আবার কোনোটির নাম খুচইন।

বর্ষা থেকে শীতের শুরু পর্যন্ত সময় এসব ফাঁদ বিক্রি হবে ঝালকাঠী ও আশপাশের জেলা-উপজেলার বিভিন্ন হাটে।

তবে কেবল মৌসুমি পেশা নয়, এ নিপুন শিল্পটি গ্রামীণ মানুষগুলোর জন্য হতে পারে সম্ভাবনাময় একটি শিল্প। তার জন্য প্রয়োজন পৃষ্ঠপোষকতা।