২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গুলি করে টাকা ছিনতাই

ঢাকার সাভারে গুলি করে এক নারীর এক লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 09:07 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় বাংলাদেশ বেতার কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শাহানা আক্তারকে (৩২) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহানা সাভারের কলমা এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও আহত শাহানা জানান, দুপুরের ইসলামী ব্যাংক সাভার শাখা থেকে এক লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে একটি স্কুটারযোগে সাভারের কলমা এলাকায় নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন।

বিকাল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ বেতারের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলযোগে আসা তিন যুবক তার স্কুটারের গতিরোধ করে।

এসময় ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে সঙ্গে থাকা এক লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে তার চিৎকারে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সাভারের মনোরম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে।

মনোরম হাসপাতালের কর্ত্যবরত চিকৎসক ডা. রেজাউল করিম রাজীব বলেন, শাহানা আক্তারের ডান পায়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, কোনো গুলির ঘটনা ঘটেনি। টাকা ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তির এক পর্যায়ে স্কুটার থেকে পড়ে গিয়ে তিনি পায়ে আঘাত পেয়েছেন।

তবে এ ঘটনায় কাউকে আটক বা ছিনতাইকৃত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

এর আগে গত সোমবার দুপুরে আশুলিয়া থানার কাছেই বুড়ি বাজার এলাকায় দুই ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছিল দুর্বৃত্তরা।