মিজানুরের অস্ত্র ও গুলি ফেরত দিয়েছে বিজিপি
বিজিবির নিহত নায়েব সুবেদার মিজানুর রহমানের ব্যবহৃত অস্ত্র ও গুলি ফেরত দিয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
বৃহস্পতিবার মিয়ানমারের মংডু শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিজিপির পতাকা বৈঠকে মিজানুরের এসএমজি ও ১২০ রাউন্ড গুলি ফেরত দেয়া হয়।
বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিরা সীমান্তে সেনা মোতায়েন, ২৮ মে বিনা কারণে ৫২ পিলারের অদূরে বাংলাদেশের অভ্যন্তরে টহল দেয়া বিজিবি সদস্যের উপর গুলিবষর্ণ করে নায়েক মিজানকে হত্যার প্রতিবাদ জানান।
এ সময় বিজিবি সদস্যের গুলি ও অস্ত্র ফেরত চাওয়া হলে মিয়ানমার অস্ত্র ও গুলি ফেরত দেয়।
বৈঠকে উভয়পক্ষ চোরাচালান, ইয়াবাসহ মাদকদ্রব্য পাচার রোধ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কর্মকৌশল নিয়ে আলোচনা করে।
বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন বান্দরবান সেক্টর কমান্ডার সাইফুল ইসলাম, ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম, ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিকুর রহমান, ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক কায়কোবাদ ও ৪২ বিজিবি ব্যাটলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাদাত সৌম্য।
গত ২৮মে নাইক্ষ্যংছড়ি সীমান্তের পাইনছড়িস্থ ৫২ নং পিলারে মিয়ানমারের বিজিপি গোলাগুলির পর নিখোঁজ হন বিজিবি সদস্য মিজানুর রহমান। ৩০মে একই সীমান্তে বিজিবি-বিজিপি গোলাগুলি ও মর্টার সেল নিক্ষেপের ঘটনা ঘটে।
৩১মে সন্ধ্যায় মিজানুরের মৃতদেহ হস্তান্তর করে মিয়ানমার।
এরপর মঙ্গলবার রাতে নাইক্ষ্যংছড়ি সীমান্তের জামছড়িস্থ ৪৬-৪৫ নং পিলারের মাঝামাঝি এলাকায় বিজিপি গুলিবর্ষণ ও মর্টার সেল নিক্ষেপ করে।
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার মংডুতে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বাংলাদেশকে আহ্বান জানায় মিয়ানমার।
