২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আড়াই লাখেরও বেশি মানুষকে প্রশিক্ষণ দেয়া হবে’

মানব সম্পদ উন্নয়নকে ‘অগ্রাধিকার’ দিয়ে তিন বছরে আড়াই লাখেরও বেশি কর্মীকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 06:59 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরে বাজেট প্রস্তাবের সময় অর্থমন্ত্রী বলেন, “দক্ষতা উন্নয়নে আমরা উন্নয়ন সহযোগী বিভিন্ন দেশ ও সংস্থা, শিল্প সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠানসমুহের সমন্বয়ে দশ বছর মেয়াদী একটি যুগান্তকারী কার্যক্রম হাতে নিয়েছি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“প্রথম পর্যায়ে তিন বছরে তিনটি মন্ত্রণালয়ের ৩২ টি প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ ব্যাংকের এসএমই ডিপার্টমেন্ট, পিকেএসএফ এবং নয়টি শিল্প সংগঠনের মাধ্যমে মোট ২ লক্ষ ৬০ হাজার জনকে আন্তর্জাতিক মানে প্রশিক্ষণ দেয়া হবে।”

প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্য থেকে ৭০ শতাংশ কর্মীকে শিল্প প্রতিষ্ঠানে চাকুরীর নিশ্চয়তা দেয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, “চাহিদা বিবেচনায় প্রথম পর্যায়ে প্রশিক্ষণে ছয়টি খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এগুলো হচ্ছে পোশাক শিল্প, নির্মাণ খাত, তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, হালকা প্রকৌশল, চামড় ও পাদুকা শিল্প এবং জাহাজ নির্মাণ।”

আগামী ১০ বছরে দেশে ১৫ লাখ দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন,“আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রয়োজন মিটিয়ে বিদেশেও জনশক্তি রপ্তানি করা সম্ভব হবে। পাশাপাশি রেমিটেন্স আয় ১০ বছরে তিনগুণ করাও সম্ভব হবে।”

এর আগে গত ১৯ মে বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতে কর্মরত তরুণদের পেশাগত দক্ষতা বাড়াতে সরকারের বিভিন্ন প্রকল্পে মোট ৩৫ কোটি ডলার ঋণ মঞ্জুর করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 

বাংলাদেশে কর্মরত সাড়ে ১২ লাখ তরুণের দক্ষতা বৃদ্ধি করে উন্নত কর্মসংস্থান ও চাহিদা উপযোগী জনশক্তি হিসেবে গড়ে তুলতে এই ঋণ মঞ্জুর করা হয়েছে বলে এডিবি তখন জানিয়েছিলো।