২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্বাস দিয়ে মুক্ত হলেন বরিশালের উপাচার্য

উপাচার্যের লিখিত আশ্বাস পেয়ে অবরোধ তুলে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 01:06 AM

Updated : 13 Oct 2022, 12:11 PM

পুরনো খবর:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ

বুধবার রাত ১১টার দিকে আন্দোলন প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। এর আগে ১৩ দফা বাস্তবায়নের দাবিতে বিকাল থেকে উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে তারা।

দাবি আদায়ের আশ্বাস দিয়ে প্রায় ১০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত ১১টার দিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খানসহ অন্যান্য শিক্ষকরা।

সকালে ৩ দফা দাবিতে বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। এক পর্যায়ে ১৬ বিভাগের শিক্ষার্থীরা একত্র হয়ে ১৩ দফা দাবিতে তুলে তা বাস্তবায়নের দাবিতে উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে।

রাতে শিক্ষক সমিতির সভাপতি শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপাচার্য শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছেন। দাবিগুলো বাস্তবায়নে লিখিত আশ্বাসও দিয়েছেন।

আশ্বাসের মধ্যে রয়েছে- চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অস্থায়ী ক্যাম্পাসের বর্তমান বিভাগগুলোর মধ্যে মার্কেটিংসহ আরো ৩টি বিভাগকে পর্যাপ্ত কক্ষ সুবিধাসহ মূল ক্যাম্পাসে স্থানান্তর করা হবে। ২০১৫ সালের ৩০ জুনের ১৬টি বিভাগের প্রতিটির জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ, বিভাগের নিজস্ব সেমিনার, লাইব্রেরি ও ল্যাব নিশ্চিত করা হবে।

প্রতি বিভাগের বিভাগ উন্নয়ন ও সেমিনার সিম্পোজিয়াম খাতে গৃহীত যে অর্থ কেন্দ্রীয় তহবিলে স্থানান্তর করা হয়েছে তা বিভাগ থেকে যথাযথ হিসাব নিরূপনান্তে বিভাগীয় তহবিলে ফেরত দেয়া।

১৫ জুলাইয়ের মধ্যে যাত্রীছাউনীর নির্মান সম্পন্ন করা। ডিসেম্বরের মধ্যে সীমানা প্রাচীর নির্মান কাজ শুরু করা।

এছাড়া ৩১ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীহল ও একটি ছাত্রহল নির্মাণ কাজ সম্পন্ন করা এবং ছাত্র সংসদের নির্বাচনের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন উপাচার্য।

শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে ফি বাবাদ গৃহীত অর্থ সংশ্লিষ্ট খাতে ব্যবহার নিশ্চিত করা হবে।

ইউজিসির বাজেট প্রোফর্মার বিভাগের ল্যাব সংক্রান্ত বরাদ্দের উল্লেখ না থাকায় এযাবৎ এখাতে কোন বরাদ্দ উল্লিখিত ছিল না। বিভাগের প্রস্তাবিত বাজেটে প্রতি খাতের বরাদ্দ আলাদা এবং তা প্রাপ্তি সাপেক্ষে খাতওয়ারী প্রকাশ করা হবে।