২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৩ দফা দাবিতে উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খানকে অবরুদ্ধ করে রেখেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 07:49 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

বুধবার বিকালে তারা উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা দেয়, যার মধ্যেই দুঘণ্টা সিন্ডিকেট বৈঠক চলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রথমে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে। এরপর তারা উপাচার্যের সঙ্গে দেখা করলে দাবি মেনে নেন তিনি।

এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের শিক্ষার্থীরা ১৩টি দাবিতে বিক্ষোভ শুরু করে এবং উপাচার্যের কার্যালয়ের ফটকে তালা দেয়।

অর্থনীতি বিভাগের ছাত্র মো. সাইদ জানান, তিন দফা দাবিতে সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা (অর্থনীতি বিভাগের শিক্ষার্থী)।

তিন দফা দাবি হলো অর্থনীতি বিভাগকে স্বতন্ত্র হিসেবে ঘোষণা করা, লাইব্রেরি ও সেমিনার রুম এবং অর্থনীতি বিভাগের তহবিল থেকে যে উন্নয়ন ফি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় তহবিলে নেয়া হয়েছে তা ফেরত দেয়া।

বিক্ষোভ শেষে তারা উপাচার্যের সঙ্গে সাক্ষাত করলে তিনি সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন বলে জানান সাইদ।

বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র ফজলে রাব্বী জানান, অর্থনীতি বিভাগের পরপরই বিভিন্ন দাবিতে ব্যবস্থাপনা ও গণিত বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

এক পর্যায়ে ১৬টি বিভাগের শিক্ষার্থীরা নানা দাবি নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা ১৩ দফা দাবি ঘোষণা করে।

বিকাল সাড়ে ৪টায় সিন্ডিকেট সভা শুরু হয়। শেষ হয় সাড়ে ৬টায়।

এরপর উপাচার্য মো. হারুনর রশীদ সাংবাদিকদের বলেন, তিনি শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়েছেন, তবে বাস্তবায়ন করবেন পর্যায়ক্রমে।

তবে তিনি এ ঘোষণাটি কার্যালয়ের বাইরে বিক্ষোভরত শিক্ষার্থীদের সামনে দেননি।

এ ব্যাপারে বিক্ষোভরত শিক্ষার্থীদের মধ্যে রিফাত নামের একজন সাংবাদিকদের বলেন, দাবি মেনে না নেয়া পর্যন্ত অবরোধ ও বিক্ষোভ চলবে।

১৩ দফা দাবির মধ্যে রয়েছে শিক্ষার্থীদের উপর হামলাকারী ও অভিযুক্ত শ্রমিকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে যাত্রী ছাউনি নির্মাণ শুরু করা, সেমিস্টার প্রতি প্যাকেজ ফি সর্বোচ্চ তিন হাজার টাকা নির্ধারণ, ইমপ্রুভমেন্ট ফি সর্বোচ্চ ৩শ’ টাকা নির্ধারণ, ৩ মাসের মধ্যে অবাসিক হলের ব্যবস্থা করা, দুই মাসের মধ্যে স্থায়ী ক্যাফেটেরিয়া এবং বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসে সীমানা প্রচীর নির্মাণ, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত মেডিকেল সুযোগ-সুবিধা, লাইব্রেরিতে পর্যাপ্ত বইয়ের ব্যবস্থা, কম্পিউটার ল্যাবে পর্যাপ্ত কম্পিউটার ব্যবস্থা ও সকল ক্যাম্পাসে ওয়াইফাইয়ের ব্যবস্থা, পরিবহন সুবিধার জন্য বাসের সংখ্যা বৃদ্ধি, ভর্তি ও ভর্তি বাতিল ফি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখা, সকল বিভাগে স্বতন্ত্র ঘোষণা ও সংশ্লিষ্ট বিভাগের গৃহীত অর্থ ফেরৎ পাওয়া, প্রতিটি বিভাগে পৃথক ল্যাব ও লাইব্রেরি স্থাপন।

সিন্ডিকেট সদস্য বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. আক্তারুজ্জামান ও শিক্ষাবিদ অধ্যাপক মো. হানিফ সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে বিভাগীয় কমিশনার চলে গেছেন, বাকিরা রয়ে গেছেন।