বেনাপোলে ভারতীয় থ্রিপিসের চালান আটক
যশোরের ঝিকরগাছা উপজেলায় ভারত থেকে চোরাই পথে আসা ট্রাকভর্তি ভারতীয় থ্রিপিসের একটি চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ঝিকরগাছা মহিলা কলেজের কাছে ঝিকরগাছা-বাঁকড়া সড়কে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
যশোর ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল মতিউর রহমান জানান, আটক কাপড়ের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভারত থেকে বৈধ পণ্যের সঙ্গে শুল্ক ফাঁকি দিয়ে বস্ত্রের চালান আনা হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।
এ সময় পেয়াজবোঝাই একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে পেয়াজের বস্তার নিচ থেকে ৭০ বেল ভারতীয় থ্রিপিচ উদ্ধার করা হয়।
আটক কাপড় ও কাপড়বাহী ট্রাক ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে বলে জানান লে. কর্নেল মতিউর।
