সেপটিক ট্যাংকে পড়ে দুজনের মৃত্যু
কক্সবাজারের রামু উপজেলায় একটি বসতবাড়ির সেপটিক ট্যাংকে পড়ে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ২টায় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যম উমখালী এলাকার প্রয়াত আব্দুস শুক্কুরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন আব্দুস শুক্কুরের স্ত্রী রহিমা খাতুন (৫০) ও প্রয়াত ছেহের মিয়ার ছেলে ছালাম উল্লাহ ( ৩৩)।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল আলম সাংবাদিকদের জানান, বেলা ২টার দিকে আব্দুস শুক্কুরের বাড়ির সেপটিক ট্যাংকের উপর উঠলে ছাদ ভেঙে রহিমা খাতুন ও ছালাম উল্লাহ ভেতরে পড়েন এবং ময়লায় ডুবে যান।
বাড়ির লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিসক তাদের মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সাইদুল ইসলাম সিরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে।
হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল বলে জানান তিনি।
