সাতক্ষীরায় ডাকাত-পুলিশ গোলাগুলি, আহত ১
সাতক্ষীরা সদরে ডাকাতের সঙ্গে পুলিশের গোলাগুলিতে একজন আহত হয়েছেন।
বুধবার ভোরে আলিপুর এলাকায় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ সংঘর্ষের পর সেখান থেকে গুলিবিদ্ধ একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক।
ওসি এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল ডাকাত ওই সড়কে ডাকাতির প্রস্তুতি নিয়েছে খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ও হাতবোমা ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কিছু সময় পর অন্যরা পালিয়ে যেতে পারলেও গুলিতে আহত মাহাতাবকে আটক করে পুলিশ।
তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
ঘটনাস্থল থেকে একটি ছোরা, রাম দা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, বলেন ওসি।
