২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরাদ্দ নিয়ে নাখোশ নাসিম

স্বাস্থ্যখাতে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে সম্ভাব্য বরাদ্দ নিয়ে অসন্তোষ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 03:43 PM

Updated : 26 Jul 2022, 12:41 PM

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “স্বাস্থ্যখাতে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে, গতবার যা ছিলো ৯ হাজার কোটি টাকা। এই বাজেট বরাদ্দে আমি সন্তুষ্ট নই।”

“আমাদের হাসপাতালগুলো উন্নত করতে হবে, যে বাজেট দেয়া হবে এরপরও আরো দরকার। তুলনামূলকভাবে বাজেট বাড়েনি, তবে এর পরের বাজেটে (২০১৫-১৬) এর পরিমাণ ১৯ হাজার কোটি টাকা হবে।”

সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬৭তম সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এই সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।

পৃথিবীতে একমাত্র বাংলাদেশে কম খরচে আমাদের সরকার মানসম্মত স্বাস্থ্য সেবা দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমার মনে হয়, পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশে স্বাস্থ্য সেবা কম খরচে হয়, ধনীদেশগুলো উচ্চমূল্যে স্বাস্থ্যসেবা দেয়।

“বাংলাদেশে হেলথ ক্লিনিকগুলোতে প্রায় বিনা পয়সার স্বাস্থ্যসেবা দেয়া হয়, জটিল রোগ ছাড়া সরকারি হাসপাতালগুলোতেও স্বাস্থ্যসেবা প্রায় ফ্রি।”

দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসার জন্য ‘হেলথকার্ড’ কবে নাগাদ দেয়া শুরু হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, “টাঙ্গাইলে তিনটি স্থানে এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে, আগামীতে আরো এলাকায় শুরু করা হবে।”

এসময় জেনেভার সম্মেলন সম্পর্কে নাসিম বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬৭তম সম্মেলনে (১৯-২৪ মে) সবচেয়ে বড় অর্জন ছিল বাংলাদেশ প্রস্তাবিত ‘কমপ্রিহেনসিভ অ্যান্ড কো-অর্ডিনেশন ইফোর্ট ফর দি ম্যানেজমেন্ট অফ অটিজম স্পেকট্রাম ডিসওডার’ প্রস্তাবনা সর্বসম্মতভাবে পাস হওয়া।”

তিনি বলেন, “এর ফলে স্বল্পোন্নত দেশগুলোতে অটিজম রোগ প্রতিরোধে কারিগরি ও আর্থিক সহযোগিতা দেয়ার পাশাপাশি অটিজম কেন্দ্রিক সব ধরনের জনস্বাস্থ্য বিষয়ক কর্মসূচি প্রণয়ন করা বিশ্বস্বাস্থ্য সংস্থার জন্য বাধ্যতামূলক হলো।”

‘স্বাস্থ্য কূটনীতি’র মাধ্যমে অটিজম বিষয়ে রেজ্যুলেশন পাস করানো নি:সন্দেহে বাংলাদেশের প্রতিনিধিদলের বিরাট কূটনৈতিক সাফল্য বলেও দাবি করেন মন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, “জেনেভা সফরে গ্লোবাল ফান্ডের সাথে দ্বিপক্ষীয় সভার মাধ্যমে এইচআইভি, টিবি ও ম্যালেরিয়া নির্মূলের ক্ষেত্রে নতুন করে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক অনুদান পাওয়া গেছে।”

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিনসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।