২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে নিহত ৩ জনের মরদেহ পেল স্বজনরা

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের সর্বশেষ তিন জনের মৃতদেহ কুমিল্লায় তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছে। 

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 12:30 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

মঙ্গলবার রাতে পৌঁছার পরই কুমিল্লার তিন উপজেলায় স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয় বলে  জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান।

তিনি বলেন, মৃতদেহ গ্রহণের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি পরিবারকে দাফন বাবদ ৩৫ হাজার টাকার চেক দেয়া হয়।

যাদের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- তিতাস উপজেলার দক্ষিণ নারানদিয়া গ্রামের জমশের আলীর ছেলে নাজির হোসেন (৩২), হোমনার চান্দেরচর গ্রামের হাজী মো. ইসমাইল হোসেনের ছেলে বাহাউদ্দিন (২৭) ও মেঘনা উপজেলার শিবনগর গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. আব্দুল গাফফার (৩৫)।

নিহতদের কফিন তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছার পর স্বজনদের মাঝে কান্নার রোল পড়ে যায়, প্রতিবেশীদের মাঝেও নেমে আসে শোকের ছায়া।

জনশক্তি কর্মকর্তা মিজানুর রহমান জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মৃতদেহগুলো দেশে আসে।

তিতাসের নাজির হোসেনের লাশ তার মা জুলেখা বেগম ও ছোট ভাই কবির হোসেন, হোমনার বাহাউদ্দিনের লাশ তার বাবা ইসমাইল হোসেন ও স্ত্রী সাহিনা বেগম এবং মেঘনার আব্দুল গাফফারের লাশ তার বাবা নুরুল ইসলাম ও ছোট ভাই মিজানুর রহমান গ্রহণ করে বলে জানান তিনি।

গত ১২ মে রাতে সৌদি আরবের রিয়াদে শিফা সানাইয়া এলাকার তিতাস ফার্নিচারে অগ্নিকাণ্ডে নয় জন বাংলাদেশিসহ ১১ জন শ্রমিক মারা যায়।

বাংলাদেশি নয় জনের মধ্যে সাত জনের বাড়ি কুমিল্লায়। গত ৩০ মে কুমিল্লার চার জন এবং মাদারীপুর ও নোয়াখালীর দুই জনের মৃতদেহ দেশে আসে।