২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদে অগ্নিকাণ্ড

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পূর্ব ব্লকের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 10:00 AM

Updated : 13 Oct 2022, 12:10 PM

বুধবার সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে সেখানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার ব্রিগেডের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৮টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি।

সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস আশরাফুল হক বলেন, জাতীয় সংসদের দক্ষিণ-পূর্ব ব্লকের চতুর্থ তলায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের একান্ত সচিবের (পিএস) কক্ষে আগুনের সূত্রপাত হয়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে বলে ধারণা তার।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সাজিদুল হক জানান, আগুনে বাণিজ্যমন্ত্রীর পিএসের কক্ষের সব কাগজপত্র, আসবাব ও কম্পিউটার পুড়ে গেছে।

এছাড়া ওই কক্ষের উপরে সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ এর একটি কক্ষের জানালার পর্দা ও একটি কম্পিউটারের মনিটর পুড়ে গেছে। তবে ওই কক্ষে আর কোথাও আগুন লাগেনি।  

আগুনের শিখা উপরে উঠে পঞ্চম তলার ওই কক্ষের জানালার পর্দায় আগুন লাগে। পর্দার আগুন থেকে কম্পিউটারের মনিটরে আগুন লাগে বলে কমিটি শাখা-২ এর কর্মচারীরা জানিয়েছেন।

বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ের নিচেই বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের দপ্তর।

Image
ক্ষতিগ্রস্ত বাণিজ্যমন্ত্রীর পিএসের কক্ষ

ক্ষতিগ্রস্ত বাণিজ্যমন্ত্রীর পিএসের কক্ষ

নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, আগুন লাগার পর পুরো সংসদ ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। কর্মকর্তা-কর্মচারীরা সকালে অফিসে আসলে তাদের দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করতে হয়।

ধোঁয়ার কারণে অনেকেই আতঙ্কে অফিসে ঢোকেননি বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন।

আগুন লাগার পরপরই সংসদ ভবনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পরে দক্ষিণ-পূর্ব ব্লক ছাড়া সব জায়গায় পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়।

সংসদ সচিবালয়ের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনে।”

আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমরা ধারণা করছি, কম্পিউটারের ইউপিএস অথবা ফ্যান হয়তো চালু ছিল। সেখান থেকে আগুন লাগতে পারে।”

আগুন নিয়ন্ত্রণে পানি ব্যবহারের কারণে বৈদ্যুতিক বোর্ডে পানি ঢুকে গেছে জানিয়ে তিনি বলেন, পানি না শুকানো পর্যন্ত দক্ষিণ-পূর্ব ব্লকের নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত বিদ্যুত সংযোগ দেয়া হবে না। সেখানে বিদ্যুত সংযোগ দিতে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

গত মঙ্গলবার দশম সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে, এই অধিবেশনে বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।