নারায়ণগঞ্জের পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ
কাউন্সিলর নজরুল ইসলামসহ অপহৃতদের উদ্ধারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের গঠিত ১২ সদস্যের তদন্ত কমিটির ৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সাত খুনের তদন্ত কমিটি।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ছয় ঘণ্টা জেলা ডাক বাংলোয় এই জিজ্ঞাসাবাদ চলে। পুলিশের অন্য তিন কর্মকর্তাকে আগে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্ত কমিটি।
এই নিয়ে হাই কোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা নেতৃত্বাধীন সাত সদস্যের এই তদন্ত কমিটি অষ্টম দফায় সাক্ষ্য নিল।
তদন্ত কমিটিতে মঙ্গলবার সাক্ষ্য দেন তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান, প্রত্যাহার করা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, সহকারী পুলিশ সুপার আজীম উল আহসান, সহকারী পুলিশ সুপার জীবন কান্তি সরকার, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মঈনুর রহমান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের ও বন্দর থানার ওসি আখতার মোর্শেদ।
সাক্ষ্য দিয়ে বেরিয়ে সাজ্জাদুর রহমান সাংবাদিকদের জিজ্ঞাসায় বলেন, “আমাদেরকে ৭ খুনের ঘটনায় পুলিশের কী ভূমিকা ছিল, তা জানতে চেয়েছে তদন্ত কমিটি। আমরা সেই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরেছি।”
পুলিশের ৯ কর্মকর্তার সাক্ষ্য নেয়ার পর সাংবাদিকরা অগ্রগতি জানতে চাইলে তদন্ত কমিটি প্রধান শাহাজাহান মোল্লা বলেন, “আমাদের তদন্ত চলছে, অপেক্ষা করুন দেখতে পাবেন।
“তদন্ত করতে গিয়ে আমাদের কাছে নতুন নতুন বিষয় আসে, সে বিষয়গুলোও আমাদেরকে গুরুত্ব দিয়ে কাজ করতে হচ্ছে। এটি বড় একটি ঘটনা, এখানে সহজেই সিদ্ধান্ত আসা সম্ভব নয়।”
আগামী বৃহস্পতিবারও সাক্ষ্য নেয়া হবে বলে জানান তিনি। তবে কাদের সাক্ষ্য নেয়া হবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
এদিকে ৭ খুনের প্রধান আসানি নূর হোসেনসহ জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত একঘণ্টা আদালত বর্জন করেন তারা। পরে দুপুরে তারা বিক্ষোভ মিছিল করেন।
অন্যদিকে সিদ্ধিরগঞ্জ সাইলোগেইট এলাকা থেকে মঙ্গলবার বিকালে নূর হোসেনের আরেক সহযোগী জাহাঙ্গীর হোসন রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জের সাইলো গেইট এলাকায় চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, জাহাঙ্গীর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে শীতলক্ষ্যা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজি, সন্ত্রাসীসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
