২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন রক্ষাকারী ওষুধ অবৈধভাবে দেশে ঢুকছে: নাসিম

জীবন রক্ষাকারী বেশি কিছু ওষুধ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করছে বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 12:54 AM

Updated : 22 Aug 2022, 06:25 PM

অবৈধভাবে আসা এসব ওষুধ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ব্যবহৃত হচ্ছে বলেও জানান তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মঙ্গলবার জাতীয় সংসদে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী আরো বলেন, “এসব ওষুধের মধ্যে রয়েছে ব্যাথানাশক, কার্ডিওভাসকুলার, অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি কোয়াগুলেন্ট, অ্যান্টি হ্যামারেজিক, চতুর্থ জেনারেশন অ্যান্টিবায়েটিক, অ্যান্টিরেসপিরেন্ট, হরমোন, এনজাইম, হাইড্রোকর্টিসন, স্টেরইড ইত্যাদি জাতীয় ওষুধ অবৈধ পথে বিশেষ করে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড থেকে চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করে।”

এসব ওষুধ বাংলাদেশে তৈরি হয় না বলেও সংসদকে জানান স্বাস্থ্যমন্ত্রী।      

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “গত ২১ এপ্রিল সাংবাদিকদের ওপর ইন্টার্ন ডাক্তারদের ঝাঁপিয়ে পড়ার ঘটনায় চিকিৎসা সেবা পেশার মর্যাদা ক্ষুন্ন হয়। সারাদেশের মেডিকেলগুলোতে অরাজকতা সৃষ্টিকারি, বিশৃংখলাকারি ও সহিংস আচরণে অভিযুক্ত ইন্টার্নি ডাক্তারদের বিরুদ্ধে গঠিত তদন্ত টিমের সুপারিশ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে।”

সংরক্ষিত আসনের সদস্য আমিনা আহমেদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৯৮৯ সাল থেকে ২০১৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত দেশে মোট এইডস রোগীর সংখ্যা এক হাজার ২৯৯ জন। এসব রোগীদের চিকিৎসার জন্য পৃথক হাসপাতাল তৈরির পরিকল্পনা নেই। তবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের চারটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসার পরিকল্পনা রয়েছে।

সরকারী তালিকায় দেশে ২৭টি নৃ-গোষ্ঠী

এদিকে সংরক্ষিত আসনের সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর জানান, দেশে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঠিক ও যথাযথ তালিকা রয়েছে। এর সংখ্যা ২৭টি।

তিনি জানান, বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ও শ্রেণির জনগণের মধ্যে রয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গা, বম, পাংখোয়া, চাক, খিয়াং, খুমি, লুসাই, কোচ, সাঁওতাল, ডালু, উসাই (উসুই), রাখাইন, মণিপুরী, গারো, হাজং, খাসিয়া, মং, ওয়াও, বর্মন, পাহাড়ী, মালপাহাড়ী, মুন্ডা ও কোল।