২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নিজের ঘরে গুলিবিদ্ধ হয়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল ছলিমপুর এলাকায় নিজের ঘরে গুলিবিদ্ধ হয়ে একটি শিশু মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 10:11 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

নিহতের পরিবার দাবি করেছে, বাড়ি সংলগ্ন পাহাড়ে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয় শিশুটি।  তবে পুলিশের সন্দেহ, ‘সন্ত্রাসী’ ভাইই ওই শিশুর মৃত্যুর কারণ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাহিদা বেগম (১০) নামে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

এর কিছু সময়ের মধ্যে তার মৃত্যু হয় বলে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নাহিদ ফটিকছড়ি উপজেলার রোসাঙ্গিরি এলাকার আইয়ুব আলীর মেয়ে। তার পরিবার ছলিমপুরে অস্থায়ীভাবে বসবাস করত।

এএসআই পঙ্কজ বড়–য়া বলেন,পাহাড়ে খেলতে গেলে নাহিদা গুলিবিদ্ধ হয় বলে তার স্বজনরা জানিয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাহিদের ভাই পেয়ারু চিহ্নিত সন্ত্রাসী। আর ঘরের ভেতরেই নাহিদ গুলিবিদ্ধ হয়েছে।

একটি গুলি নাহিদার পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বেরিয়েছে জানিয়ে তিনি বলেন, কাছ থেকে গুলি লাগলে তা ঘটে।

“সম্ভবত পেয়ারুর অস্ত্র নিয়ে নড়াচড়া করার সময়ই নাহিদ গুলিবিদ্ধ হয়,” বলেন ওসি।  

নাহিদার পরিবারের কথায়ও অসঙ্গতি রয়েছে দাবি করে তিনি বলেন, “শুরুতে তারা বলেছিল, সে পাহাড় থেকে পড়ে গেছে। পরে হাসপাতালে গিয়ে দেখি গুলিবিদ্ধ।”

তবে ওসি জানান, এই ঘটনার পর ঘটনাস্থল জঙ্গল ছলিমপুরে তল্লাশি চালিয়েছে পুলিশের একটি দল। তবে নাহিদার ঘরে কোনো অস্ত্র বা তার ভাই পেয়ারুর কোনো হদিস পাওয়া যায়নি।