চট্টগ্রামে সাবেক ছাত্র ইউনিয়ন নেতাসহ দুজন নিখোঁজ
চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের সাবেক এক নেতাসহ দুজন নিখোঁজ হয়েছেন বলে তাদের পরিবার জানিয়েছে।
এরা হলেন- চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল আজাদ শাকিল (২৮) ও নগরীর ইন্ডিপেন্ডেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্র লিঙ্কন মজুমদার (১৬)। দুজনই স্থানীয় ‘বিবর্তন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত।
কোতোয়ালী থানার এসআই কামরুজ্জামান জানান, রোববার থেকে তাদের কোনো খোঁজ মিলছে না জানিয়ে থানায় দুটি জিডি করেছে তাদের পরিবার।
নিখোঁজের রাত থেকেই তাদের মোবাইল বন্ধ। মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশ বা পরিবারের সদস্যরা তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পায়নি।
শাকিলের বাবা ব্যাংক কর্মকর্তা রফিকুল আজাদ ও লিঙ্কনের বাবা আইনজীবী শিবু মজুমদার সোমবার বিকালে থানায় জিডি করেন।
শাকিল ও লিঙ্কনকে সর্বশেষ রোববার বিকেলে নগরীর প্রবর্তক মোড়ের কাছে ‘আফমি প্লাজার’ সামনে দেখা যায় বলে জানান তারা।
সুদীপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিঙ্কন বলেছিল সে রাগারাগি করেছে। তাই রাতে দেরি করে বাসায় ফিরবে।
“কিন্তু আমার সাথে দেখা করে যাওয়ার ঘণ্টাখানেক পর দুজনের মোবাইলে ফোন করে সেগুলো বন্ধ পেয়েছি। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।”
লাশ উদ্ধার
চট্টগ্রামের দক্ষিণ কাট্টলি এলাকায় সমুদ্র তীর থেকে সাইফুল ইসলাম নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার খরণা গ্রামের লালানগর এলাকার আবদুস সামাদের ছেলে। নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে খুচরা জ্বালানি তেলের ব্যবসা করতেন তিনি।
মঙ্গলবার বেলা ১২টার দিকে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী জেলে পাড়া সংলগ্ন সমুদ্রের পাড়ে তার লাশ ভেসে আসে বলে পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান জানান।
থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব দাশ জানান, নিহতের মামাতো ভাই সাইফুলের লাশ শনাক্ত করেছে।
কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
