২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ১১টি হিন্দু পরিবারের রাস্তা দুবছর ধরে অবরুদ্ধ

‘বাহে তোমাক গুলাক দুঃখের কতা কইতে গেইলে চোকত পানি আইসে। দুই বছর থাকি বাপ-দাদার ঘাটা বন্ধ করি দিছে।’ এভাবেই আক্ষেপ প্রকাশ করলেন দিনমজুর মনোরঞ্জন বর্মণ।

আহসান হাবীব নীলু

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 06:32 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

তিনি বলেন, “ছওয়াগুলা স্কুলোত যাবের পায় না। ঘাটা না থাকায় ডাক্তার আসপার পায়নাই। মোর রুগি বাপোক ঘাড়োত করি হাসপাতালোত নিয়া গেইছং। ওমরাগুলা ঘাটাও খুলি দেয় না, গরীবের পাশোত কি ভগবানও নাই।”

সরজমিন মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, কুড়িগ্রামের উলিপুর শহর থেকে পশ্চিমে তিন কিলোমিটার দূরে নাড়িকেল বাড়ী গ্রাম। এই গ্রামেরই ছোট্ট একটি পাড়া দীঘির পাড়। এই পাড়ায় ২৭টি পরিবারের বাস। তাদের বাপ-দাদার আমল থেকে যে রাস্তা দিয়ে সবাই স্কুল ও শহরে যাতায়াত করত, নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে সেই চলাচলের রাস্তা দু বছর ধরে বন্ধ।

১১টি দিনমজুর পরিবারের যাতায়াতের অর্ধশত বছরের পুরনো রাস্তা স্থানীয় প্রভাবশালী শুভাংশু ওরফে সদু পক্ষ বেড়া দিয়ে বন্ধ করে দেন। শুধু তাই নয় তাদের প্ররোচনায় অপর প্রতিবেশী রাহেনা বেগম ওই রাস্তার উল্টো দিকে দক্ষিণ-পশ্চিমের মেঠো পথটিও বেড়া দিয়ে বন্ধ করে দেন। ফলে এই পরিবারের লোকজনকে প্রায় আধা কিলোমিটার ঘুরে জমির পানি ভেঙে ও আইল দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

এদের সন্তান তন্ময় পঞ্চম শ্রেণিতে পড়ে, স্মৃতি চতুর্থ শ্রেণিতে, রঞ্জনা ও বিজয় তৃতীয় শ্রেণিতে আর সুপো দ্বিতীয় শ্রেণিতে। তারা সবাই পার্শ্ববর্তী রাজারাম ক্ষেত্রিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

তারা জানায়, রাস্তার অভাবে দেড় কিলোমিটার ঘুরে স্কুলে যেতে হয় তাদের। বর্ষাকালে পানির কারণে যেতে পারে না স্কুলে।

সন্ধ্যা রানী (৩৮), জবা রানী (২৬). অনিতা (২৮) ও মাধবী (৩৪) জানান, তারা গৃহকর্মীর কাজ করেন। বাস্তভিটা ছাড়া তাদের কোনো আবাদি জমি নেই।

সন্ধ্যা রানী বলেন, “গরিব জন্যে হামার বিচার কাইয়ো করে না।”

তারা জানান, আছাদ মেম্বারোক (কমিশনার) ৫ হাজার টেকা দিছি। তাইও বিচার করে নাই।

এই মহিলাদের মতো স্থানীয়রা জানায়, গত পৌরসভা নির্বাচনে এই পরিবারের সদস্যরা পরাজিত কমিশনার পদপ্রার্থী মুক্তিযোদ্ধা নারায়ণ পুলিশকে ভোট দেয়ায় এই ওয়ার্ডের কমিশনার কয়ছার উদ্যোগী ভুমিকা গ্রহণ করছে না। এছাড়াও স্থানীয় প্রভাবশালী সুবল ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে ব্যর্থ হয়ে নোংরা ভিলেজ পলিটিক্সের মাধ্যমে নেপথ্যে কলকাঠি নাড়ছে।

এই গ্রামের প্রতিবেশী তুলসী রানী (৫৮) দুঃখ করে বলেন. ‘গরীব মানষোক সগাইগুলা মারে। রাস্তা হইল বাহে অস্টপ্রহর। সেই রাস্তাও বনধো। ওমারগুলার খুব কষ্ট।’

রাস্তা অবরোধের শিকার পরিবারগুলো হচ্ছে-হরিপদ বর্মণ, শুকচরণ বর্মণ, কালিপদ বর্মণ, শিবপদ বর্মণ, কৃঞ্চপদ বর্মণ, বিঞ্চুরাম বর্মণ, সুভাষ বর্মণ, সুমন বর্মণ, সুদীপ বর্মণ, মনাই বর্মণ ও মনোরঞ্জন বর্মণ।

রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী শুধাংশু ওরফে সদু জানান, প্রতিপক্ষের সাথে পাল্টাপাল্টি মামলা রয়েছে। আর পারিবারিক বিরোধ দীর্ঘদিনের।

তিনি বলেন, “আমরা তাদের কারণে সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই আমাদের জমি দিয়ে রাস্তা দিবো না।”

অভিযোগে রয়েছে, বিরোধ নিষ্পত্তির জন্য কমিশনার আসাদের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ডের কমিশনার কয়ছার ৫ হাজার টাকা উৎকোচ নেন। এছাড়া উলিপুর পৌরসভা কর্তৃপক্ষ বিরোধ মেটানোর জন্য রশীদ দিয়ে ফি নিয়েছে। এতকিছুর পরেও অবরুদ্ধ জীবন থেকে মুক্তি পায়নি এই হিন্দুরা।

এ ব্যাপারে উলিপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রফিকুল ইসলাম বলেন, “পৌরসভায় লিখিত অভিযোগ করার পর স্থানীয় কমিশনার কয়ছার ও পার্শ্ববর্তী কমিশনার আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসেছিলাম।

“সদু রাস্তা খুলে দিতে রাজি হচ্ছে না। যেহেতু এটি ব্যক্তিগত জায়গা দিয়ে চলে গেছে ফলে সমাধান টানতে সময় লাগছে।”

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) জাকির-উল-ইসলাম চৌধুরী জানান, কারো ব্যক্তিগত জায়গা নিয়ে বিরোধে আইনগতভাবে পুলিশের কিছুই করার নাই।

“বিষয়টি আমার জানা ছিল না। কেউ অভিযোগ করলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”