বানিয়ারচরে গির্জায় বোমা হামলা: ১৩ বছরেও শুরু হয়নি বিচার
গোপালগঞ্জের বানিয়ারচর ক্যাথলিক গীর্জায় বোমা হামলার সন্দেহভাজন দুই আসামি ভারতের কারাগারে বন্দি থাকায় ১৩ বছরেও এ ঘটনার বিচার শুরু হয়নি।
নিহতদের স্বজনরা বিচার নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। সিআইডি ১৩ বছরেও আদালতে মামলার চার্জশিট দাখিল করতে পারেনি।
হরকাতুল জিহাদ প্রধান মুফতি আব্দুল হান্নান মুন্সিসহ জঙ্গীদের এ মামলায় রিমান্ডে নিয়ে সিআইডি কোন রহস্য উদঘাটন করেত পারেনি।
গীর্জায় বোমা হামলায় বিস্ফোরিত বোমাটি বহনকারী হিসেবে সন্দেহভাজন মুক্তাকিন ও মুরসালিন ভারতের দিল্লির কারগারে বন্দি রয়েছেন। সেখানে এক বছর পর তাদের সাজার মেয়াদ শেষ হবে। এরপর তাদের দেশে এনে জিজ্ঞাসাবাদ করে সম্পৃক্তার প্রমান মিললেই সিআইডি আদালতে চার্জশিট দেবে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জের সিআইডির ওসি আক্তারুজ্জামান জানিয়েছেন।
২০০১ সালের ৩ জুন সকালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জায় প্রার্থনা চলাকালে বোমা হামলায় ১০ যুবক নিহত হয়। আহত হয় প্রার্থনারত আরো অন্তত ২০ জন।
এ ঘটনায় গির্জার ফাদার মিম্মো বাদী হয়ে বোমা হামলা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন। এ পর্যন্ত এ মামলার ১৪ জন তদন্ত কর্মকর্তা বদল হয়েছে। কোন কর্মকর্তাই এ বোমা হামলার রহস্য উদঘাটন করতে পারেননি।
বোমা হামলায় নিহত সুমন হালদারের মা আন্না হালদার বলেন, “বোমা হামলার ১৩ বছরেও এ হত্যাকাণ্ডের বিচার শুরু করা সম্ভব হয়নি।
আমরা বিচার পাব কিনা তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
“সন্দেহভাজন বোমাবহনকারী দুজনকে ভারত থেকে ইন্টারপোলের সহযোগিতায় বাংলাদেশ আনার জন্য দাবি জানাই।
“ধর্মীয় প্রতিষ্ঠানে বোমা হামলা চালিয়ে ১০ টি তাজা প্রান কেড়ে নেয়া হয়েছে। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই।”
মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জের সিআইডির ওসি আক্তারুজ্জামান বলেন, “এ মামলায় মুফতি আব্দুল হান্নান মুন্সিসহ জঙ্গীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেনি।
“সন্দেহভাজন বোমাবহনকারী মুক্তাকিন ও মুরছালিন ভারতের দিল্লীর জেলে বন্দি রয়েছেন।
“গাঁজা বহনের দায়ে ভারতীয় আদালত তাদের ১০ বছরের সাজা দিয়েছে। এক বছর পর তাদের সাজার মেয়াদ শেষ হবে। সাজা শেষে তাদের দেশে ফিরিয়ে এনে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।”
তারা সম্পৃক্ততার কথা স্বীকার করলে আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে জানান তিনি।
এখন ওই দুই সন্দেহভাজনের জন্য অপেক্ষা দিন গুণছেন তারা।
অন্যদিকে মঙ্গলবার শোক মিছিল, সভা, প্রার্থনা, কবরে পুস্পস্তবক অর্পন ও দরিদ্রদের মধ্য খাবার বিতরণ বানিয়ারচরবাসী ট্যাজেডি দিবসটি পালন করেছে।
