বহদ্দারহাট ফ্লাইওভার ধস মামলায় আরো তদন্ত চায় রাষ্ট্রপক্ষ
চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ধসে ১৩ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় অভিযোগপত্রের ওপর নারাজি দিয়ে অধিকতর তদন্তের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ নারাজি আবেদন দেন চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী।
এ মামলায় গত বছরের ২৪ অক্টোবর ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম।
আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপক্ষ থেকে মামলার অভিযোগপত্রের বিষয়ে নারাজি দাখিল করে অধিকতর তদন্তের আবেদন করেছি।”
আগামী ১৮ জুন এ বিষয়ে শুনানির দিন রাখা হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
ফাইল ছবি
এ ঘটনায় ওই বছরের ২৬ নভেম্বর চান্দগাঁও থানার তৎকালীন এসআই আবুল কালাম আজাদ মামলা করেন।
মামলায় প্রকল্পটির পরিচালক সিডিএর নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী তানজিব হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী সালাহ উদ্দিন আহমেদ চৌধুরীসহ ২৫ জনকে আসামি করা হয়।
অন্য আসামিদের মধ্যে ছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আখতার অ্যান্ড পারিসা ট্রেড সিস্টেমসের ১০ জন এবং বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান এসএআরএম অ্যাসোসিয়টেসের ১২ জন।
তদন্ত শেষে মামলার এজাহার থেকে সিডিএর ৩ কর্মকর্তা, ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ ৩ জন এবং পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মতিনসহ ১৮ জনের নাম বাদ দেয়া হয়।
যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয় তারা হলেন- ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আখতারের সেসময়ের প্রকল্প ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনজুরুল ইসলাম, প্রকল্প প্রকৌশলী আব্দুল জলিল, আমিনুর রহমান, আব্দুল হাই, মো. মোশাররফ হোসেন রিয়াজ, মান নিয়ন্ত্রণ প্রকৌশলী শাহজান আলী এবং রফিকুল ইসলাম। এদের মধ্যে রফিকুল ইসলামের নাম মামলার এজাহারে ছিল না।
গত ১৫ এপ্রিল মামলার অভিযোগ গঠনের শুনানির দিন মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ অভিযোগপত্রের বিষয়ে নারাজি আবেদন দেয়ার কথা জানিয়েছিলেন।
তার আবেদনের প্রেক্ষিতে আদালত অভিযোগপত্র পর্যালোচনার জন্য রাষ্ট্রপক্ষকে সময় দেয়।
