ছুরি-চাপাতিসহ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
সিরাজগঞ্জের বেলকুচিতে ধারালো অস্ত্রসহ ৪ ছাত্রলীগ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।
সোমবার রাতে উপজেলার চরচালা এলাকা থেকে টহল পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
বেলকুচি থানার ওসি আব্দুল হাই সরকার দুপুরে বলেন, “আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক রেজা জানান, বেলকুচিতে সরকার সমর্থক ২টি প্যানেল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। ধারণা করা হচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীরা কোন প্যানেলের পক্ষে প্রভাব বিস্তার করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে।
