২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে গুলিতে একজন নিহত, অভিযোগ পুলিশের দিকে

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন, যাকে আটকের পর হত্যা করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 11:48 AM

Updated : 22 Aug 2022, 06:24 PM

নিহত ইসমাইল হোসেন খোকন (৩৮) স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী ‘দিদার বাহিনীর’ দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার এসআই মো. জিল্লুর রহমান বলেন, সোমবার রাত ১১টার দিকে দিঘুলী ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার একটি বাগান থেকে দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় খোকনকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

তবে পুলিশের হাতে আটক খোকনের এক সহযোগী ও স্থানীয়রা বলছেন, নিহত হওয়ার আগে রাতে খোকনকে আটক করেছিল পুলিশ।

খোকনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে।

ওই গ্রামের বাসিন্দা ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে ভূঁইয়ারহাট বাজারে খোকন ও তার সহযোগীরা আড্ডা দেয়ার সময় দাসেরহাট থানার এসআই কামাল ও সারোয়ার এসে খোকন ও সবুজ হোসেনকে (১৮) আটক করে নিয়ে যায়। পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

সকালে লক্ষ্মীপুর সদর থানায় গিয়ে সবুজকে আটক অবস্থায় পাওয়া যায়।

পুলিশের অনুমতি নিয়েই সেখানে সবুজের সঙ্গে কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি।

সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে ও খোকনকে একসঙ্গে আটক করা হয়। খোকনকে মাইক্রোবাসে করে নিয়ে যায়, আর আমাকে লক্ষ্মীপুর থানায় নিয়ে আসে। খোকনকে কোথায় নিয়ে গেছে আমি জানি না।”

তবে অভিযোগ অস্বীকার করে এসআই জিল্লুর বলেন, “গোলাগুলির শব্দ পেয়ে টহল পুলিশ ওই বাগানে গিয়ে খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।”

তবে খোকনের সঙ্গে কাদের ও কী কারণে গোলাগুলি হয়েছে সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি।

“সবুজের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইসমাইল সম্পর্কে কিছু জানি না,” বলেন এসআই কামাল।