ট্রাকচাপায় সাত জনের মৃত্যু
যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় আহাদ সিমেন্ট মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন।
অভয়নগর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নাহিদ মামুন জানান, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
নিহত ছয় জন হলেন- অভয়নগরের নাউলি গ্রামের টুটুল (৩৫) ও শুভরাড়া গ্রামের ইকবাল মোল্লা (৫৫), খুলনার ফুলতলা উপজেলার পাইগ্রাম কসবা এলাকার গোপাল বালা (৫০), আলকা গ্রামের পরিতোষ সাহা (৬০), একই গ্রামের মন্টু কর্মকার (৩৫) এবং চৌদ্দমাইল এলাকার ফারুক হোসেন (৩০)।
নিহত আরেকজনের মুখ থেতলে যাওয়ায় তাকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।
আহতদের মধ্যে অভয়নগরের বুয়োখোলা গ্রামের ফুলচান হোসেনকে (৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একই এলাকার মনিরুল ইসলামকে (৩০) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সংঘর্ষ হলে সেটি ট্রাকের নিচে চাপা পড়ে।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার সাত যাত্রী মারা যান।
