২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরের জোড়া খুনের ‘হোতা’ গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈরের জোড়া খুনের ঘটনায় ঢাকায় একজন গ্রেপ্তার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 11:55 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

মহাখালীর একটি হোটেল থেকে গ্রেপ্তার সাইদুর রহমান শাহিন (৪৫) এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে দাবি করেছে র‌্যাব।

রাজৈরের টেকেরহাট আলীয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল বাশার এবং ভ্যানচালক বেল্লাল শেখকে শনিবার রাতে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এই ঘটনায় ফরিদপুর থেকে রোববার মো. মহসিন নামে একজনকে গ্রেপ্তার করে রাজৈর পুলিশ। সোমবার সকালে ঢাকায় গ্রেপ্তার করা হল শাহিনকে।

র‌্যাবের মুখপাত্র এটিএম হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ৩ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে বাশারকে হত্যার কথা স্বীকার করেছেন শাহিন।

এই খুনে কয়েকজন অংশ নেয় বলে শাহিন র‌্যাবকে জানিয়েছেন। বাশারকে হত্যার পরিকল্পনা ছিল। কিন্তু তিনি যে ভ্যানে করে যাচ্ছিলেন, তার চালক বেল্লালকেও হত্যা করা হয় প্রত্যক্ষদর্শী না রাখার জন্য, বলছে র‌্যাব।

নিহত বাশারের স্ত্রী শাহিনুর বেগম দাবি করেন, শনিবার রাত পৌনে ৯টার দিকে মহসিন নামে এক ব্যক্তির ফোন পেয়ে তার স্বামী বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপরই খুন হন তিনি।

বাশার রাজৈর উপজেলার রাহেলিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। তার বাড়ি ফরিদপুরের সালথায়। মহসিনকে সালথা থেকে গ্রেপ্তার করে পুলিশ।