কুড়িয়ে আনা উদ্ভিদ রান্নায় মাতল রাজেন্দ্রপুর
নেত্রকোণায় পরিবেশ উৎসবে কুড়িয়ে আনা উদ্ভিদের রান্না প্রতিযোগিতা হয়েছে।
সদর উপজেলার রাজেন্দ্রপুর নামে এক নিভৃত গ্রামের নারীরা সোমবার দিনভর বন-বাদার থেকে কুড়িয়ে আনা শাকপাতা রান্না করেন এবং পরিবেশ নিয়ে তাদের শিশুরা ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেয়।
‘কোনো গাছই আগাছা নয়; হয়ত বা মানুষের খাদ্য বা পশু পাখির।’ এই তাদের বক্তব্য।
এই উৎস উদ্ভিদ রক্ষাসহ পারিবারিক পুষ্টি ও চাহিদা নিশ্চিতকরণে রাজেন্দ্রপুর গ্রামে নারীরা ভিন্নধর্মী এই রান্না প্রতিযোগিতার আয়োজন করেন বলে জানান এর এক আয়োজক ওই গ্রামের কুলসুমা বেগম।
তিনি জানান, তাদের এই আয়োজনে সহযোগিতা করে বেসরকারি সংস্থা ‘বারসিক’।
প্রতিযোগিতায় অংশ নেয়া গৃহবধু সাহিনা আক্তার বলেন, “ গ্রামেরই বনজঙ্গল ও জলাভূমি থেকে খেতাবুড়ি, খুড়িয়া শাক, পালই, হেইছা, দমকলস, এলঞ্চি, তেলাকচু, কালিকচু, নিমপাতা, সাজনাপাতাসহ ১৮ জাতের শাক-পাতা সংগ্রহ করেন তারা। সংগ্রহেও প্রতিযোগিতা হয়।
অপ প্রতিযোগী গৃহবধু ছালমা আক্তার জানান, রুমানা ললিতা, মিনা, বিলকিস, রেজিয়া আক্তারসহ ১৮ জন নারী অংশ নিয়েছেন রান্নায়।
তারা সবাই আলাদাভাবে রান্না করেন জানান, ছালমা আক্তার।
সালেমা খাতুন ও ইতি আক্তার জানান, সোমবার সকাল থেকেই তারা উৎসবের মেজাজে রান্নার প্রস্তুতি শুরু করেন। নিজেরাই চুলা তৈরি করে গাছের ডালপালা, খড় দিয়ে একই সময়ে পাশাপাশি বসে শুরু করেন রান্নাও।
পাশেই পরিবেশ রক্ষায় তাদের সন্তানদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজনও করা হয়।
সার, কীটনাশকবিহীন কুড়িয়ে আনা এসব পুষ্টিগুণ সমৃদ্ধ উদ্ভিদ পরিবেশ বান্ধব বলেছেন প্রতিযোগে অংশ নেয়া পারভীন আক্তার।
ওষুধিগুণ সম্পন্ন এসব শাক-পাতাকে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে এই উদ্যোগকে আরো এগিয়ে নিতে হবে বলেন, রান্না করতে আসা শিউলি বেগম।
পরিবেশসহ হারিয়ে যাওয়া শাকসবজি রক্ষায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন বলছেন বারসিকের কর্মসূচি কর্মকর্তা মো. আলমগীর।
তিনি জানান, সোমবার একই আয়োজন করা হয় আটপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে। সেখানেও ২০ জন নারী প্রতিযোগিতায় অংশ নেন।
এছাড়াও একই উপজেলার রুপচন্দ্রপুর গ্রামে খাদ্য ঔষধি উদ্ভিদের পাড়া মেলা, সানকিউড়া গ্রামে খাদ্য উৎসব ও কেন্দুয়া উপজেলার নগুয়া গ্রামে দেশজ বীজ মেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার শুরু হওয়া এই উৎসব চলবে বৃহস্পতিবার নাগাদ জানান, আলমগীর।
