চট্টগ্রামে পাঁচ মিশনারি স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা
চট্টগ্রামে ধর্মোপদেশ পরিচালিত পাঁচটি মিশনারি বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার বিকালে নগরীর পাথরঘাটায় সেন্ট প্ল্যাসিডস উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
চট্টগ্রাম ধর্মোপদেশের শিক্ষা কমিশনের আয়োজনে এবং কারিতাস ফরমেশন অফ ইয়ুথ অ্যাণ্ড টিচারস প্রোগ্রামের সহায়তায় এ অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানে পাথরঘাটা সেন্ট প্ল্যাসিডস ও সেন্ট স্কলাটিকাস উচ্চ বিদ্যালয়, দিয়াঙের মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়, নোয়াখালীর ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয় এবং বান্দরবানের ডন বস্কো উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
চট্টগ্রাম ক্যাথলিক ধর্মপোদেশের বিশপ মজেস কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক ও সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হরিশংকর জলদাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন, খাগড়াছড়ি জেলার সচিব মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে হরিশংকর জলদাস বলেন, “বর্ধন কথার অর্থ বৃদ্ধি পাওয়া। জীবনের সব ক্ষেত্রেই আমরা বৃদ্ধি পেতে চাই। মানে-যশে-সম্পদে। এটাই মানুষের স্বভাব।
“এই অনুষ্ঠান তাই বৃদ্ধির অনুষ্ঠান। সংবর্ধনা অর্থ সমানভাবে বর্ধন করা। এ উদ্যোগের জন্য আয়োজকদের জানাই অভিনন্দন।”
সংবর্ধনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি জাদুকর রাজীব বসাকের জাদু মোহিত করে সমবেতদের।
সবশেষে সনদপত্র বিতরণ করা হয় এবং মোমবাতি হাতে শিক্ষার্থীরা সেবার তরে নিজেরজীবনকে চালিত করার শপথ নেন।
চট্টগ্রাম ক্যাথলিক ধর্মোপদেশের পরিচালনাধীন মোট নয়টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এক হাজার ২৫৩ জন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাদের মধ্য থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। এরমধ্যে ৪০৫ জন জিপিএ-৫ পান।
