‘ড্যাপে নেই মুরাদপুর-লালখানবাজার ফ্লাইওভার’
দরপত্র হওয়া চট্টগ্রামের মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভার ১৯৯৫ সালের মাস্টার প্ল্যান ও ডিটেইলড এরিয়া প্ল্যানে (ড্যাপ) নেই দাবি করেছে পেশাজীবীদের সংগঠন পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম।
সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে পরিকল্পিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বক্তারা।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) পাঁচ দশমিক দুই কিলোমিটার দীর্ঘ মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভার নির্মাণ করতে যাচ্ছে। এটি হবে নগরীর চতুর্থ ফ্লাইওভার।
গত ১৫ মে দরপত্র খোলার পর বর্তমানে সেসব বাছাইয়ের কাজ চলছে। এ ফ্লাইওভার নির্মাণের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়–য়া বলেন, “ড্যাপ এর চার নম্বর অধ্যায়ে পরিবহন বিষয়ক সাতটি সুপারিশের দ্বিতীয়টিতে বলা হয়েছে- যানবাহনের চাপের ওপর একটি সমীক্ষার ভিত্তিতে সিডিএ দুই নম্বর গেইট ও জিইসি মোড়কে অর্ন্তভুক্ত করে ফ্লাইওভার নির্মাণ বিবেচনা করতে পারে।
“চূড়ান্ত সিদ্ধান্তের আগে সম্ভাব্যতা যাচাইয়ের বিস্তারিত সমীক্ষা প্রয়োজন।”
ফ্লাইওভার নির্মাণের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন প্রকাশের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, এক দশমিক তিন কিলোমিটার দীর্ঘ বহদ্দারহাট ফ্লাইওভারটিও মাস্টার প্ল্যান এবং ড্যাপে ছিল না। এখন এই ফ্লাইওভারে অল্প যানবাহন চলাচলের চিত্র স্বাভাবিকভাবেই মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারের কার্যকারিতাকে সংশয়াপন্ন করে।
সুভাষ বড়–য়া বলেন, যানজট নিরসনে মাস্টারপ্ল্যান ও ড্যাপের সুপারিশ বাস্তবায়ন জরুরি। তা না হলে এসব ফ্লাইওভার পার্কিং প্লেস এবং হকার্স মার্কেটে পরিণত হবে। নগরীর সৌন্দর্য থাকবে না।
গত ২৫ মে ফোরামের এক সংবাদ সম্মেলনে জনগণকে চমক দিয়ে ভোট আদায়ের কৌশল হিসেবেই ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। পরে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর পাল্টা অভিযোগ আনে সিডিএ।
এ প্রসঙ্গে সুভাষ বড়–য়া বলেন, পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম একটি টেকসই উন্নয়ন সহায়ক পেশাজীবী নাগরিক সংগঠন। নগরীর ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়নে এক যুগেরও বেশি সময় ধরে ফোরাম সুচিন্তিত মতামত দিয়ে আসছে।
ফোরাম সভাপতি ও বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের সিকান্দার খান বলেন, বিদেশিদের টাকায় মহাপরিকল্পনা করে তা বাক্সবন্দি করে রাখা হয়। সরকারের পছন্দের লোককে কিছু প্রতিষ্ঠানের দায়িত্ব দেয়া হয়।
“তারা কিছু প্রকল্পের জন্য টাকা বরাদ্দ আনেন। সেসব বাস্তবায়ন করেন। মহাপরিকল্পনা ফাইলবন্দি পড়ে থাকে। আর যখন এসব অসঙ্গতি তুলে ধরি তখন আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক জেরিনা হোসেন, উপদেষ্টা বিধান বড়ুয়া, নির্বাহী সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, শাহরিয়ার খালেদ প্রমুখ।
