মাদারীপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ
মাদারীপুরের রাজৈরে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে তার স্বামী রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রোববার ভোররাতে উপজেলার খালিয়া ইউনিয়নের সাতপাড় গ্রামে। পরে খবর পেয়ে রাজৈর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে।
নিহত শম্পা কীর্তনিয়া (২০) রাজৈর উপজেলার গোবিন্দপুরের সুন্দীকুরি গ্রামের পূর্ণ কির্তনিয়ার মেয়ে।
নিহতের কাকা সঞ্জয় কীর্তনিয়া ও ভাই লিটন কীর্তনিয়া জানিয়েছেন, দুই বছর আগে শম্পার সাথে একই উপজেলার সাতপাড় গ্রামের সুবল বৈরাগীর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুবল নিয়মিত শম্পাকে শারীরিক নির্যাতন করত।
গত ১ জুন তাদের ছেলে সিদুর (১) জন্মদিন পালন করে ছেলেকে নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলে সুবল শম্পাকে ঘরের দরজা বন্ধ করে বেদম পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় বলে দাবি করেন তারা।
“কিন্তু ওর স্ত্রী শম্পা বাবার বাড়িতে বেড়াতে গেলে সুবলের দোকান খালি রেখে রাতে সুবল বাড়িতে ঘুমানোর ফলে দোকানে চুরি হয়। সেই কারণেই শম্পাকে সুবল শারীরিক নির্যাতন করে।”
শম্পার কাকা সঞ্জয় আরো বলেন, “সুবল পেটানোর সময়ে নাকি বার বার উচ্চারণ করেছে, ‘শম্পা বাবার বাড়িতে না গেলে সে দোকানে ঘুমাত, তাহলে দোকানে চুরি হতো না।’
রাজৈর থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চত হওয়া যাবে।
