ফেনীতে একরাম হত্যা: ইমিগ্রেশানকে পুলিশের চিঠি
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডের মামলায় ২৯ জন আসামি যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সব সীমান্তে ইমিগ্রেশানে চিঠি পাঠিয়েছে ফেনী জেলা পুলিশ।
সোমবার ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একরাম হত্যায় গ্রেপ্তারকৃত আসামিদের রিমান্ডে নেয়ার পর হত্যার সাথে যাদের নাম সম্পৃক্ততা রয়েছে এমন ২৯ জনের নাম উল্লেখ করে চিঠি পাঠানো হয়েছে।
“এদের মধ্যে ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির আদেল, জেলা যুবলীগের নেতা জিয়াউল আলম মিস্টার, চিহৃত সন্ত্রাসী রুটি সোহেলের নাম রয়েছে।”
পুলিশ এদের ধরতে বেশ কয়েকবার তাদের বাড়িতে অভিযান চালিয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।
এদের মধ্যে হত্যার দায় স্বীকার করে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
