২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 04:15 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান, সোমবার ভোরের দিকে উপজেলার পূর্ব আশিঘর গ্রামে এ ঘটনার পর ওই গৃহবধূর শ্বশুর, শাশুড়ি ও দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।    

নিহত ছালমা বেগম (২২) ওই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন সাদ্দাম।  

ওসি বলেন, ছালমার মা রাসনা বেগমের অভিযোগের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের শ্বশুর সোনাহর আলী, শাশুড়ি মাফিয়া বেগম ও দেবর আকুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে ফেঞ্চুগঞ্জ থানায় সাদ্দামসহ এদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন রাসনা।

নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকের জন্য ছালমার উপর তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার চালাত। পরে বাধ্য হয়ে সালমার বাবা চার দফায় দুই লাখ টাকা দেন সাদ্দামকে। 

রাসনা বেগম বলেন, “রোববার রাতে ছালমা মোবাইল ফোনে তাদের জানায় আরো পঞ্চাশ হাজার টাকা যৌতুক দাবি করেছেন তার স্বামী এবং এজন্য তাকে শারীরিক নির্যাতনও করা হয়েছে। ভোরের দিকে খবর আসে ছালমার মৃত্যু হয়েছে।”  

ওসি নন্দন কান্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং সাদ্দামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।