সংসদ ভবনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ
সংসদ ভবনের রক্ষণাবেক্ষণে গণপূর্ত অধিদপ্তরের কাজের ধীরগতিতে অসন্তোষ জানিয়েছেন সংসদ নেতা শেখ হাসিনা।
সেইসঙ্গে সংসদের বিভিন্ন স্থানে নতুন করে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র লাগানোর উদ্যোগে উষ্মা প্রকাশ করেছেন বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়ে আসা প্রধানমন্ত্রী।
রোববার সংসদ কমিশনের বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও ছিলেন।
বৈঠকে সংসদ ভবনের বিভিন্ন স্থানে মার্বেল পাথর সরে যাওয়া, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতসহ রক্ষণাবেক্ষণের বিভিন্ন বিষয় নিয়ে নবম সংসদে নেয়া ১০৩ কোটি টাকার ‘আমব্রেলা’ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে শিরীন শারমিন সাংবাদিকদের বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী পুরো বিষয়টি অবহিত হয়েছেন।
“তিনি বলেছেন, গত নবম সংসদে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে, অথচ এখনো কাজ হয়নি। এরকম হলে তো ‘ডাক্তার আসার আগে রোগী মারা যাওয়া’ প্রবাদের মতো হবে।”
বৈঠকে উপস্থিত একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী সংসদের বিভিন্ন স্থানে এসি লাগানো নিয়েও উষ্মা প্রকাশ করেছেন। এসময় সংসদের কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নষ্ট হওয়ার বিষয়টি উঠে আসলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।”
স্পিকার জানান, সংসদের কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের দুটি ‘চিলারের’ একটি নষ্ট।যেটি কাজ করছে সেটিও ৫০ ভাগ কর্মক্ষম।
‘চিলার’ দুটি ঠিক করতে ২২ কোটি টাকার একটি প্রস্তাবিত প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
সংসদ কমিশন বৈঠকে সংসদ ভবনের নকশা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান শিরীন শারমিন।
বৈঠকে সংসদ ভবনে আলো-বাতাস চলাচলের স্থানে পর্দা না লাগানোর বিষয়েও আলোচনা হয়।
লুই কানের নকশা অনুযায়ী যাতে প্রাকৃতিক আলো-বাতাস চলাচলে বাধা না আসে সে ব্যাপারে লক্ষ্য রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান স্পিকার।
বরাদ্দ ২০৯ কোটি টাকা
কমিশন বৈঠকে আগামী ২০১৪-১৫ অর্থবছরে জাতীয় সংসদের জন্য ২০৯ কোটি ৬১ লাখ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। গত ২০১৩-১৪ অর্থবছরে বাজেট ছিল ১৯৫ কোটি ৪৫ লাখ টাকা।
আগামী অর্থবছরের বাজেটে অনুন্নয়ন খাতে ১৯৬ কোটি ৬৮ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১২ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদে সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য প্রতিবছরই কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
চলতি অর্থবছরের চেয়ে এবারে বাজেট বরাদ্দ বেশি হওয়া বিষয়ে স্পিকার বলেন, “সংসদ বাংলাদেশ টেলিভিশনের জন্য এবারে বাজেট বরাদ্দ বেশি হয়েছে।”
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ সচিবালয়ে কর্মরত সাংবাৎসরিক কর্মচারীগণের জন্য ২০ শতাংশ হারে মজুরি বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব এবং সংসদ অধিবেশন শুরুর ৭ দিন আগে থেকে ৩ দিন পর পর্যন্ত কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য ১০০ টাকা হারে দুপুরের খাবার বাবদ দেয়ার প্রস্তাব বৈঠকে অনুমোদিত হয়েছে।
গাড়িচালকের ছয়টি নতুন পদ, ৪র্থ শ্রেণির কর্মচারীগণের পদনাম পরিবর্তন এবং বেশকিছু সরঞ্জাম কেনার প্রস্তাবও সংসদ কমিশন অনুমোদন করেছে।
১৯৯৪ সালের সংসদ সচিবালয় কমিশন গঠনের পর থেকে বাজেটকে সামনে রেখেই বৈঠক ডাকা হয়। সর্বশেষ গত বছর ২ জুন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।
রোববারের বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন। প্রধান হুইপ আ স ম ফিরোজ বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।
