২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শূন্যই থাকছে চসিকের প্রধান প্রকৌশলীর পদ

আদালতের স্থগিতাদেশের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) শূন্য হওয়া প্রধান প্রকৌশলীর পদে কাউকে নিয়োগ দেয়া সম্ভব হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 10:58 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

রোববার এক অফিস আদেশে তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের ফাইল চসিকের সচিব রশিদ আহমেদ কাছে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এসব ফাইল চূড়ান্তভাবে মেয়র অনুমোদন করবেন।

অফিস আদেশে ফাইল দেখার দায়িত্ব দেয়া হলেও রোববার থেকেই বিদেশে প্রশিক্ষণের জন্য ১৫ দিনের ছুটিতে যাচ্ছেন সচিব রশিদ আহমেদ।

এদিকে রোববার চসিকের প্রকৌশল বিভাগের ৪৬ জন প্রকৌশলী মেয়রের কাছে দেয়া এক দরখাস্তে জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবীকে আপাতত প্রকৌশল বিভাগের দেখাশোনার দায়িত্ব দেয়ার আবেদন করেছেন।

গত ২৮ মে এক যুগেরও বেশি সময় চসিকের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান মোখতার আলম।

এ বিষয়ে মেয়র মোহাম্মদ মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নিষেধাজ্ঞা থাকায় কাউকে প্রধান প্রকৌশলী পদে এখন নিয়োগ দেয়া সম্ভব নয়।

“তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা সচিব বরাবরে ফাইল পাঠাবেন। সেখান থেকে আসার পর আমি দেখে চূড়ান্ত অনুমোদন করব।”

প্রকৌশলীদের আবেদনের বিষয়ে মেয়র মনজুর বলেন, প্রধান প্রকৌশলী নিয়োগ না দেয়া পর্যন্ত এয়াকুব নবীকে বিভাগের সার্বিক দেখাশোনার দায়িত্ব দেয়ার আবেদন করেছেন। ওই আবেদন প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরে পাঠিয়েছি।

“ছুটি শেষে প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ আগামীকাল কাজে যোগ দেবেন। এ বিষয়ে তিনিই সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।”

এ বিষয়ে সচিব রশিদ আহমেদ বলেন, “আগেও প্রধান প্রকৌশলীর কাছ থেকে ফাইল আমার কাছে আসত। এখন এ পদ শূন্য থাকায় তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা সরাসরি আমার কাছে ফাইল পাঠাবেন।”

চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব প্রকৌশলী একমত হয়ে আপাতত এয়াকুব নবীকে দায়িত্ব দেয়ার আবেদন করেছেন।

গত ১১ ফেব্রুয়ারি অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া চসিকের তিন সহকারী প্রকৌশলী উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত চসিকের প্রকৌশল বিভাগের সব পদোন্নতি, স্থায়ীকরণ, চলতি ও অতিরিক্ত দায়িত্ব প্রদানের ওপর স্থগিতাদেশ দেয়।

এ কারণে প্রধান প্রকৌশলী অবসরে যাওয়ার পর নতুন প্রধান প্রকৌশলী নিয়োগ দিয়ে জটিলতা দেখা দেয়।