২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ২ মামলায় রেলের ইউসুফ মৃধা অভিযুক্ত

পূর্ব রেলের নিয়োগে অনিয়মের অভিযোগে করা আরো দুটি মামলায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ মোট আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 10:42 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আতাউর রহমানের আদালতে দুই মামলায় অভিযোগ গঠন হয়।

দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিকিট ইস্যুয়ার পদে অনিয়মের অভিযোগে সাবেক তিন রেল কর্মকর্তা ও এক নিয়োগ প্রার্থী এবং টুল কিপার পদে সাবেক তিন রেল কর্মকর্তা ও চার নিয়োগ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

যে তিন রেল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাদের মধ্যে ইউসুফ মৃধা ছাড়া অন্যরা হলেন পূর্ব রেলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া এবং নিয়োগ কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান।

টিকেট ইস্যুয়ার পদের অন্য আসামি হলে নিয়োগ প্রার্থী শাহীন শাহ।

টুল কিপার পদে অন্য চার আসামি হলেন এস এম আজিজুল হক, এ এস এম সাইদুর রহমান, মো. রবিউল হাসান ও মো. আশরাফুল ইসলাম।

উচ্চ আদালতে মিথ্যা তথ্য দিয়ে এ চারজন জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে গত ৬ মে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠান।

অন্য আসামিদের মধ্যে গত ৩ মার্চ ইউসুফ আলী, ৭ এপ্রিল হাফিজুর রহমান এবং ৩০ এপ্রিল গোলাম কিবরিয়া আত্মসমর্পণ করেছিলেন। এরপর থেকে তারা কারাগারে।

২০১২ সালের ৯ এপ্রিল মধ্যরাতে ঢাকায় বিজিবি সদর দপ্তরে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনার পর ওই গাড়িতে থাকা ইউসুফ মৃধা ও হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এরপর চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদারও।

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই গাড়িতে ৭০ লাখ টাকা ছিল, যা আদায় করা হয়েছে রেলে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে।

এরপর পূর্ব রেলের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ওই বছর ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম কোতোয়ালি থানায় ছয়টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

এর আগে সহকারী কেমিষ্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগে অনিয়মের মামলায় মৃধাসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল।