চট্টগ্রামে ব্যবসায়ী বেলাল খুনে একজন গ্রেপ্তার
বন্দর নগরীতে লোহা ব্যবসায়ী বেলাল হোসেন খুনের ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে সিটি গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আনোয়ার হোসেন জানিয়েছেন।
গ্রেপ্তার খোরশেদ আলম ওরফে গলকাটা রনি (২৮) ওই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে নগরীতে খুন, ডাকাতি ও চাঁদাবাজীর অভিযোগে আকবর শাহ ও পাহাড়তলী থানায় তিনটি করে ছয়টি মামলা রয়েছে।
পুলিশ কর্মকর্তা আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলাল খুনের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেছিল নিহতের পরিবার। এ মামলায় গলাকাটা রনি প্রধান আসামি।
ঘটনার পরপর এলাকাবাসী ও নিহতের পরিবার হত্যার ঘটনায় স্থানীয় সন্ত্রাসী গলাকাটা রনি, পাভেল, হোসেন, সবুজসহ স্থানীয় আরো কয়েকজনকে দায়ী করে।
স্থানীয়রা জানান, হামলার আগে বেলালকে হুমকি দেয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে বেলাল তার কয়েকজন বন্ধুদের নিয়ে রাতে মামলা করতে গেলে আকবর শাহ এলাকার তৎকালীন ওসি আবদুর রাজ্জাক মামলা নিতে গড়িমসি করে ও সাধারণ ডায়েরি করতে বলেন।
রাত ১০ টার দিকে বেলালসহ অন্যরা থানা থেকে বের হয়ে আসার ৫০ গজের মধ্যে তাদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় বেলাল ও তার এক বন্ধুসহ দুইজন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১১টার দিকে বেলাল মারা যান।
এর প্রতিবাদে ১৪ সেপ্টেম্বর দুপুরে স্থানীয়রা বেলালের লাশ নিয়ে নগরীর সিটি গেইট এলাকায় সড়ক অবরোধ ও পুলিশ ফাঁড়ি ভাংচুর করে আকবর শাহ থানার ওসি অপসারণ দাবি করেছিল।
এর কিছুদিন পর তৎকালীন ওসি আব্দুর রাজ্জাককে প্রত্যাহার করে নেয় নগর পুলিশ কর্তৃপক্ষ।
