২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬ বছরেও ঘোচেনি বিচারের অপেক্ষা

সাড়ে তিন দশকেরও বেশি সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নিজ কক্ষে ছুরিকাঘাতে নিহত হয়েছিলেন ভূতত্ত্ব বিভাগের শেষবর্ষের ছাত্র বীরেন্দ্র কুমার সরকার, যে হত্যাকাণ্ডের বিচারের অপেক্ষা শেষ হয়নি এখনো।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 05:05 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

১৯৭৭ সালের ২৭ সেপ্টেম্বর সহপাঠী রণজিৎ মজুমদারের হাতে তিনি খুন হন বলে মামলায় বলা হয়। সে সময় বিশ্ববিদ্যালয়ের  এ হত্যাকাণ্ডটি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

বীরেন্দ্র খুনের ঘটনায় ওইদিনই জগন্নাথ হলের তৎকালীন আবাসিক শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান জপব্রত চৌধুরী বাদী হয়ে রমনা থানায় মামলা করেন।

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বোরহানউদ্দিন বীরেন্দ্র হত্যাকাণ্ডের এই মামলাটি আদালতপাড়ার সবচাইতে পুরনো বিচারাধীন মামলা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, এ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে ছয়জন সাক্ষী ছিলেন। এদের মধ্যে  ৩১ বছর পর ২০০৯ সালের অগাস্টে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন বীরেন্দ্রর বন্ধু সজল কান্তি মণ্ডল ও আশীষ কুমার পাল। এরপর আর কোনো সাক্ষী আদালতে আসেননি।

মামলায় সাক্ষ্য দিতে কোনো দিন আদালতে আসেননি বাদী, যিনি বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বলে মামলার নথিতে বলা হয়েছে।

তদন্ত কর্মকর্তা সাবেক পুলিশ পরিদর্শক খোরশেদ আলমও এ ব্যাপারে কোনোদিন আদালতে আসেননি।

গত বুধবার মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ছিল । কিন্তু কোনো সাক্ষী না আসায় বিচারক বাসুদেব রায় আগামী ৩ জুলাই সাক্ষ্যগ্রহণের নতুন দিন রাখেন।

অন্তত ২০ জন বিচারকের হাত ঘুরে আলোচিত এ হত্যা মামলার বিচারের ভার পড়েছে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে।

এ আদালতের পেশকার আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনের ধার্য তারিখের আগেই মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে নিয়ে আসার জন্য সব পদক্ষেপ নেয়া হবে।”

জগন্নাথ হলের উত্তরবাড়িতে থাকতেন বীরেন্দ্র। ছাত্রাবাসের দোতলায় সহপাঠী রণজিৎ ব্যক্তিগত রেষারেষি এবং শত্রুতার জের ধরে তাকে ছুরিকাঘাত করেন বলে তার দুই সহপাঠী সাক্ষ্যে বলেন। কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হননি রণজিৎ। পরিবারসহ তিনি ভারতে চলে যান বলে তার প্রতিবেশীরা জানিয়েছেন।

মামলার এজাহার বা অভিযোগপত্রে কোথাও এ হত্যার কারণ সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই।

বীরেন্দ্রর মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে এসেছেন পালাক্রমে ১২ জন উপাচার্য । আর জগন্নাথ হলের প্রাধ্যক্ষ বদল হয়েছেন ১০ জন। তাদের কেউই বীরেন্দ্র হত্যাকাণ্ডের বিষয়ে খোঁজ রাখেননি।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু কাছে মামলার এ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “মামলার বাদী আদালতে সাক্ষ্য না দিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। ফলে এটি দীর্ঘসূত্রতায় পড়েছে।

“তার উচিৎ ছিল এ মামলায় যথাসময়ে সাক্ষ্য দেয়া । বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্ববান শিক্ষক হয়ে তিনি তার দায়িত্বে শুধু অবহেলাই করেননি, প্রচণ্ড অমানবিকতার পরিচয়ও দিয়েছেন।”

মামলার নথিপত্র বলছে, ১৯৭৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মামলাটির শুনানির জন্য মোট ১৭৩টি দিন রাখা হয়।

মোট ২০ জন বিচারক মামলার নথি উল্টিয়েছেন। প্রতিটি তারিখে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করা হয়েছে। রাষ্ট্রপক্ষে ২২ জন পাবলিক প্রসিকিউটর  মামলাটি পরিচালনা করেছেন।

আসামি রণজিতের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের সেতুভাঙ্গা গ্রামে। তার বাবার নাম ব্রজেন্দ্র নাথ মজুমদার।

বীরেন্দ্র নিহত হওয়ার পরপরই রণজিৎ ভারতে চলে যান। আর এ হত্যাকাণ্ডের জের ধরে প্রায় ১০ বছর আগে  পুরো পরিবারই ভারতে চলে যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সেতুভাঙ্গা গ্রামের ব্যবসায়ী ওমর ফারুক চৌধুরী। 

ফারুক বলেন, “আমি প্রতিবেশী হিসাবে শুনেছিলাম, ওই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল এক নারীর সঙ্গে প্রেম নিয়ে সৃষ্ট কলহের জের ধরে।”

মামলার এজাহারে বলা হয়, বীরেন্দ্রকে মুমূর্ষু অবস্থায় হল থেকে রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বপন কুমার রায়। সেখানে তাকে দেখতে যান তার তিন বন্ধু আশীষ, অজিত ও বেনু।

“মৃত্যুর আগে বীরেন্দ্র তাদের বলেছিলেন, রণজিৎ আমাকে ছুরি মেরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে,” সাক্ষ্যে বলেছিলেন বীরেন্দ্রর বন্ধু সজল।

নথিপত্র বলছে, স্বপনও কোনোদিন আদালতে আসেননি। এ মামলার অন্য সাক্ষী তাদের বন্ধু সচিন্দ্র চন্দ্র ঘোষও কখনও আদালতে আসেননি।

পুলিশের দেয়া প্রতিবেদন অনুযায়ী, স্বপন ও সচিন্দ্র ভারত চলে গেছেন।

২০০৯ সালের ৩ অগাস্ট আদালতে সাক্ষ্যে সজল ও আশীষ দুজনই বীরেন্দ্রকে হত্যার জন্য রণজিত্কে দায়ী করেন।

সাক্ষ্য দেয়ার সময় সজল কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। আর আশীষ তেজগাঁওয়ে বাংলাদেশ শিল্প কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (বিটাক) চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন ।

রমনা থানায় এ মামলা নথিভুক্ত করেছিলেন উপ-পরিদর্শক আবদুল বারী। ১৯৮৮ সালের ২২ ফেব্রুয়ারি এ মামলার অভিযোগ গঠন হয়।