রাষ্ট্রপতির দণ্ড মওকুফের ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট
সংবিধানে দেয়া রাষ্ট্রপতির দণ্ড মওকুফের ক্ষমতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদন হয়েছে।
রোববার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এ রিট আবেদন করেন।
এতে সংবিধানের ৪৯ অনুচ্ছেদকে ২৬, ২৭, ৩১, ৩৫, ১১১ ও ১১২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বিবেচনায় কেন বাতিল করা হবে না- এ মর্মে রুল চাওয়া হয়েছে।
সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্টপতিকে দণ্ড মার্জনার ক্ষমতা দিয়ে বলা হয়েছে, “কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন বা বিরাম মঞ্জুর করবার এবং যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে।”
মৌলিক অধিকারের বর্ণনা সম্বলিত সংবিধানের তৃতীয় ভাগ ২৬ অনুচ্ছেদ দিয়ে শুরু হয়েছে যাতে বলা হয়েছে, “এই ভাগের বিধানাবলীর সঙ্গে অসামঞ্জস্য সকল আইন, যতখানি অসামঞ্জস্য ততখানি বাতিল হয়ে যাবে।”
পরের অনুচ্ছেদেও আইনের দৃষ্টিতে সব নাগরিককে সমান ও আইনের সমান আশ্রয়লাভের অধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
৩৫ অনুচ্ছেদে বলবতযোগ্য আইনের ভিন্ন দণ্ড না দেয়ার কথা বলা হয়েছে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ অ্যান্ড ড্রাফটিং বিভাগের সচিব এবং সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, “বিচার বিভাগের দেয়া শাস্তি যদি রাষ্ট্রপতির ক্ষমা করে দেয়ার ক্ষমতা থাকে, তাহলে এ বিভাগের স্বাধীনতা কিভাবে থাকলো? এটা মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী।”
তিনি বলেন, বিচার পাওয়ার অধিকার সবার রয়েছে। এক্ষেত্রে রাষ্ট্রপতি কারো দণ্ড মওকুফ করে দিলে বাদী সেই অধিকার থেকে বঞ্চিত হন।
তিনি বলেন, ক্ষমা বা দণ্ড কমানোর এই ক্ষমতা সংবিধানের মৌলিক অধিকার সংশ্লিষ্ট ভাগের পরিপন্থী। আর এই অংশের পরিপন্থী হলে সেই অনুচ্ছেদ অবৈধ ও বাতিলযোগ্য।
