পাবনায় হামলায় আহত আরো একজনের মৃত্যু
পাবনার আতাইকুলায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘ্টনায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছেন।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার সকাল থেকে ঘটনাস্থল আতাইকুলার পুষ্পপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী।
হামলায় আহত ধর্মগ্রামের বাসিন্দা রফিকুল ইসলামকে পাবনা থেকে ঢাকায় আনার পথে ভোরের দিকে তার মৃত্যু হয় বলে আতাইকুলা থানার ওসি আকরাম আলী জানান।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুষ্পপাড়া ও আশপাশের গ্রাম থেকে আটজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
আগের দিন রাত সোয়া ৮টার দিকের পুষ্পপাড়া বাজারে মুখোশধারীদের হামলায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
তারা হলেন- ধর্মগ্রামের সুলতান মাহমুদ ও ফজলুর রহমান ফজলু এবং পাশের পীরগাছা গ্রামের আব্দুস সালাম।
পুলিশ কর্মকর্তা আকরাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার পরপরই গুলিবিদ্ধ রফিকুল ও মামুন হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা হয়। পথে অতিরিক্ত রক্তক্ষরণে রফিকের মৃত্যু হয়।
হতাহতরা সবাই একটি চায়ের দোকানে বসে থাকার সময় ওই হামলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পাল্টা আক্রমণের আশঙ্কায় এলাকায় উত্তেজনা রয়েছে। নিহতদের নিজেদের কর্মী দাবি করে পাবনা জেলা আওয়ামী লীগ রাতেই শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
হত্যাকাণ্ডের পরপর পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খন্দকার প্রিন্স সাংবাদিকদের জানান, নিহত ফজলুর ও সালাম যুবলীগের এবং সুলতান আওয়ামী লীগ কর্মী ছিলেন।
তিনি এ ঘটনার জন্য স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন।
তবে স্থানীয়দের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতরা প্রকাশ্যে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত হলেও তারা এলাকায় কথিত চরমপন্থি সংগঠনের আঞ্চলিক নেতা ছিলেন।
আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানও একই কথা বলেছেন।
“তারা এলাকায় নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াত,” বলেন তিনি।
