২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্সে

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনী সামগ্রী সরবরাহ করছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 08:36 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

আগামী ৪ জুন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয়, জেলা, মহানগর ও উপজেলা কমান্ড কাউন্সিল নির্বাচন হবে।

গত ২২ মে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে তিন শর্তে ব্যালট বাক্স ও নির্বাচন সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

রিটার্নিং কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মালামাল সরবরাহ দিতে ইসি এ নির্দেশনা ২৯ মে মাঠপর‌্যায়ের কর্মকর্তাদের পাঠান ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম।

এক চিঠিতে বলা হয়, নির্বাচনী মালামাল রিটার্নিং কর্মকর্তা বুঝে নেবে, ভোট শেষে তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে ফেরত দিতে হবে এবং নির্বাচনী মালামালের ক্ষতি হলে মুক্তিযোদ্ধা সংসদকেই তার ক্ষতিপূরণ দিতে হবে।

সারাদেশে এক যোগে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা ও মহানগর কমান্ড এবং উপজেলা কমান্ডের এ নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট/উপজেলা নির্বাহী কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। স্বচ্ছ ব্যালট বাক্স, মার্কিং সিল, ব্রাশ সিল ও অন্যান্য আনুষাঙ্গক দ্রব্যাদি এ ভোটে ব্যবহার করা হবে।

গত বছরের ২১ অক্টোবর এই নির্বাচন হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা স্থগিত করা হয়।

পরে স্থগিত নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেওয়া হয়।

গত ১৯ মার্চ এ নির্বাচনের তফসিল ঘোষণা করে সরকার।

ইসি কর্মকর্তারা জানান, সাধারণত ইসির কোনো নির্বাচন সামগ্রী কোনো সংস্থাকে ব্যবহার করতে দেওয়া হয় না। তবে মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবার এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।