লক্ষ্মীপুরে যৌথ অভিযানে আটক ৩৫
লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ৩৫ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে গত চারদিনে এ জেলায় ১৪৬ জনকে আটক করা হলো।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ, মান্দারী, জকসিন, দত্তপাড়ায় অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করা হয়।
জেলার অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে বুধবার ভোর রাত থেকে পুলিশ ও বিজিবির এ যৌথ অভিযান চলছে বলে জানান তিনি।
এর আগে রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১১ জনকে আটক করা হয়।
এসপি বলেন, আটকদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অনেকে নিয়মিত মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
অভিযান চলাকালে একটি আগ্নেয়াস্ত্র ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গত ৫ মাসে লক্ষ্মীপুরে ৩৪টি হত্যাকাণ্ড ঘটেছে। গত রোববার রাতে সদরের বশিকপুর ইউনিয়নের মদনপুর গ্রামে যুবলীগ কর্মী রোমান হোসেনকে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা।
