রামপালে প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের রামপাল উপজেলায় এক প্রতিবন্ধীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত আব্দুল খালেক শেখ(৬৫) মল্লিকেরবেড় ইউনিয়নের দক্ষিণ সন্ন্যাসী গ্রামের বাসিন্দা। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং উপজেলাসহ বিভিন্ন এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
শুক্রবার রাতে নিজের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির এএসআই মফিজুর রহমান জানিয়েছেন। তার ঘর থেকে একটি রক্তমাখা দা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
পুলিশ কর্মকর্তা মফিজুর জানান, স্থানীয়রা তাকে বলেছেন সন্ধ্যা ৭টার দিকে খালেকের ঘরে তার প্রতিবেশী জাহিদকে ঢুকতে এবং কিছুক্ষণ পরে বের হতে দেখেছিলেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সম্ভবত জাহিদই খালেকের বসতঘরে ঢুকে তাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে পালিয়ে যায়।”
নিহতের মাথা, ঘাড়ে, পিঠে ও বাঁ হাতে একাধিক জখমের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য সকালে লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সন্দেহভাজন জাহিদকে ধরতে পুলিশি অভিযান শুরু করেছে বলে জানান এএসআই মফিজুর।
