মরা দেখিয়ে তাজা গাছ বিক্রির অভিযোগ
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়কের দুই শতাধিক তাজা গাছকে মরা দেখিয়ে টেন্ডারে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বন কর্মকর্তার বিরুদ্ধে।
শুক্রবার রিশাতলা-খান্দারপাড় সড়কের রিশাতলায় গাছগুলো কাটার সময় স্থানীয়রা বাধা দেন। পরে সেখান থেকে গাছ কাটার সরঞ্জামসহ পুলিশ দুই শ্রমিককে আটক করে।
স্থানীয়দের অভিযোগ, মুকসুদপুর উপজেলা বন সংরক্ষক তাপস কুমার সেনগুপ্ত এলজিইডির ওই সড়কের ২০৬টি তাজা গাছ মরা হিসেবে চিহ্নিত করেন। পরে ঠিকাদার মো. বাবুল মোল্লা এলজিইডির টেন্ডারে অংশ নিয়ে গাছগুলো কিনে নেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাজা গাছ কাটতে দেখে দুই শ্রমিককে গাছ কাটার সরঞ্জামসহ আটক করে।
ঠিকাদারের সঙ্গে যোগসাজসে বন সংরক্ষক মরা গাছের ফাঁকে ফাঁকে অধিকাংশ তাজা গাছ চিহ্নিত করেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।
মুকসুদপুর থানার ওসি মো. সালাহ উদ্দিন মিয়া বলেন, ঠিকাদার ওই সড়কের মরা গাছ টেন্ডারের মাধ্যমে ক্রয় করেন। কিন্তু তারা প্রথমেই মরা গাছের স্থলে চিহ্নিত করা একটি তাজা গাছ কাটা শুরু করলে স্থানীয়রা বাধা দেন। এরপর তারা বিষয়টি থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
এসআই রাসেল ঘটনার সত্যতা পেয়ে দুই শ্রমিককে গাছ কাটার সরঞ্জামসহ আটক করেন। এরপর গাছ কাটা বন্ধ হয়ে যায়।
ঠিকাদার মো. বাবলু মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেন্ডারের আগেই মরা গাছ মার্ক করেন উপজেলা বন সংরক্ষক তাপস কুমার সেনগুপ্ত। তিনি মরা গাছের সঙ্গে তাজা গাছ মার্ক করলে তো শ্রমিকরা তাজা গাছও কাটবে। এ জন্য শ্রমিকরা দায়ী নয়, বরং বন সংরক্ষকই দায়ী।
তিনি বন সংরক্ষককে দিয়ে মরা গাছের জায়গায় তাজা গাছ মার্ক করানোর কথা অস্বীকার করেন।
মুকসুদপুর উপজেলা বন রক্ষক তাপস কুমার সেনগুপ্ত বলেন, চিহ্নিত করার সময় গাছগুলো মরা ছিল। তখন গাছে পাতা ছিল না। ডালপালা ছিল শুকানো। সে হিসেবে ২০৬টি মরা গাছ চিহ্নিত করা হয়।
কিন্তু সম্প্রতি বৃষ্টি হওয়ায় অনেক গাছে পাতা এসেছে। এখন সেগুলো জীবিত দেখা যাচ্ছে।
ঠিকাদারের কাছ থেকে সুবিধা নিয়ে তিনি এ কাজ করার কথা অস্বীকার করেন।
