নীলফামারীতে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার
নীলফামারীর ডোমার উপজেলায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার জোড়াবাড়ি ইউনিয়নের ফকিরপাড়ায় নিজ বাড়ির পাশে গোলাম মোস্তফার (৬৫) লাশ পাওয়া যায়। মোস্তফা ফকিরপাড়া গ্রামের প্রয়াত কাঞ্চি মামুদের ছেলে।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ডোমার থানার উপ-পরিদর্শক শাহীনুল ইসলাম সিদ্দিকী জানান, মোস্তফা মিরজাগঞ্জ বাজারে পান-সুপারীর ব্যবসা করতেন। ব্যবসায়ের টাকা সংগ্রহ শেষে প্রায়ই রাত করে বাড়ি ফিরতেন তিনি।
বৃহস্পতিবার রাতে তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে বাড়ির পাঁচশ গজ দুরে একটি বাঁশঝাড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।
