২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীতে যুবকের জবাই করা লাশ উদ্ধার

নিখোঁজের চার দিন পর সাভারে ধলেশ্বরী নদীতে হাত-পা বাঁধা জবাই করা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 06:13 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শুক্রবার দুপুরে রাজফুলবাড়িয়া এলাকায় ধলেশ্বরী নদীর পানপাড়া ঘাটে কচুরিপানার নিচে মোহাম্মদ আসিফের (২৪) লাশ পাওয়া যায়।

আসিফ পানপাড়া মহল্লার আব্দুস সালামের ছেলে। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে এলাকাবাসীর কাছে সংবাদ পেয়ে আসিফের লাশ উদ্ধার করা হয়।

তার দুই হাত পিছন দিকে ও পা দুটি জিআই তার দিয়ে বাঁধা ছিল। তাকে জবাই করে হত্যার পর পেট কেটে দৃর্বৃত্তরা লাশটি নদীতে ফেলে দেয়।  

দুই দিন আগে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড় মামা সোহেল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসিফ খারাপ ছেলেদের সাথে মিশে মাদক (ইয়াবা) ব্যবসায় জড়িয়ে পড়েন। এই মাদক ব্যবসার টাকা নিয়ে গত প্রায় ১৫ দিন আগে পুলিশের সোর্স আব্দুল জলিল, মাদক ব্যবসায়ী সোহাগ ও আলাউদ্দিনের সাথে তার ঝগড়া হয়। তখন তারা তাকে হত্যার হুমকি দিয়েছিল।

মাদক ব্যবসার টাকার ভাগবাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

তবে পুলিশ সোর্স আব্দুল জলিল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সাভার থানার এসআই আশিষ কুমার সান্যালের সোর্স হিসেবে কাজ করেন। আসিফ মাদক ব্যবসায়ী। হিসেবে তার সঙ্গে যোগাযোগ ছিল।

কিন্তু এ হত্যাকাণ্ডে তিনি জড়িত নন বলে দাবি করেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার এএসপি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার টাকার ভাগবাটোয়ার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।

তবে নিহতের স্বজনরা যাদের সন্দেহ করছে তদন্ত করে প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।