রানা প্লাজার ধ্বংসস্তূপে আবারো হাড়গোড় উদ্ধার
সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংস্তূপ থেকে আবারো মানুষের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ওই স্থানে রাখা ধ্বংস্তূপে মানুষের হাত, পা, বুকের হাড়গোড় ও মাথার খুলি পাওয়া যায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় পথশিশুরা ধ্বংস্তূপ থেকে লোহার টুকরো সংগ্রহ করতে গিয়ে হাড়গোড়গুলোর সন্ধান পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।
তিনি জানান, শনিবার ডিএনএ টেস্টের জন্য হাড় ও মাথার খুলি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এর আগেও একাধিকবার ওই স্থানে ধ্বংস্তূপ থেকে মানুষের মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করা হয়।
গত বছরের ২৪ এপ্রিল সাভারে নয় তলার রানা প্লাজা ধসে পড়ে। এতে নিহত হয় ১ হাজার ১৩১ জন।
এছাড়াও জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী ১৭৬ জন নিখোঁজ রয়েছেন।
