২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে মাদক বিক্রেতা বলছেন পুলিশ কর্মকর্তারা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 11:33 AM

Updated : 22 Aug 2022, 06:23 PM

নিহত আবু তাহের (৩৫) শহরতলীর ঝুমঝুমপাড়ার নিরিবিল পাড়া এলাকার সোনাউল্লাহ মোল্লার ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও মাদক বিক্রির বেশ কয়েকটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, শুক্রবার ভোররাতে শহরতলীর হামিদপুর ময়লাখানা এলাকায় বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

তবে নিহতের পরিবার বলছে, রাত ১২টার দিকে তাহেরকে আটক করে পুলিশ।

পরিদর্শক রফিকুল বলেন, “বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ সময়  কনস্টেবল আরিফুল ইসলাম ও শামীম হোসেন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রফিকুল বলেন, পুলিশের একটি দল রাত পৌনে ৪টার দিকে ময়লাখানা এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে স্থানীয় মাদক বিক্রতারা তাদের লক্ষ করে গুলি ও বোমা ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

“এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় তাহেরকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।”

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মির্জা আক্তারুজ্জামান জানান,ভোর সাড়ে ৪টার দিকে তাহেরকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ সদস্যরা। তার রক্তের প্রয়োজন থাকলেও পুলিশ তার ব্যবস্থা করতে পারেনি। তখন তাহেরের পরিবারের কাউকেও পাওয়া যায়নি। হাসপাতালে আনার প্রায় দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়।

নিহতের ভাগ্নি পপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে ঝুমঝুমপাড়ার একটি চায়ের দোকান থেকে তার মামাকে ধরে নিয়ে যায় পুলিশ।

তাহেরের বিরুদ্ধে গাঁজা বিক্রির একটি মামলা আছে বলে তিনি জানান।