শান্তিরক্ষীদের প্রশিক্ষণ উন্নত করার আহ্বান রাষ্ট্রপতির
বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশিক্ষণের মান আরো উন্নত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “ভবিষ্যতে শান্তিরক্ষা কার্যক্রম আরো চ্যালেঞ্জিং ও পেশাদারি হবে। শান্তিরক্ষীদের ব্যক্তিগত দক্ষতার পাশাপাশি এ কার্যক্রম হবে প্রযুক্তিনির্ভর।
“এই পরিপ্রেক্ষিতে আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রশিক্ষণের মান যুগোপযোগী করতে হবে।”
বাংলাদেশি শান্তিরক্ষীদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় কর্মরতদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন হচ্ছে।
বর্তমানে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ১২২টি দেশের ৯৭ হাজার ৮১১ শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ২১৮ জন নারীসহ মোট ৮ হাজার ৮৪১ জন শান্তিরক্ষী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কর্মরত রয়েছেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই অনুষ্ঠানস্থলে বসেই রাষ্ট্রপতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কঙ্গো, আইভরি কোস্ট ও লেবাননে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে কথা বলেন।
রাষ্ট্রপতি তাদের খোঁজ-খবর নেন এবং বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি এ সময় রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেইনিং (বিআইপিএসওটি) প্রতিষ্ঠানটিকে আরো উন্নত করে নারী শান্তিরক্ষীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়ার ওপর জোর দেন।
অনুষ্ঠানে শান্তিরক্ষা অভিযানে গিয়ে মারা যাওয়া ৯ জন এবং আহত এক শান্তিরক্ষীকে সম্মাননা দেয়া হয়। নিহতদের পরিবার সম্মাননা নেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার,সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
