২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজাহারের মামলায় বাদির সাক্ষ্য

সম্পদ বিবরণী জমা না দেয়ার অভিযোগে হেফাজতে ইসলাম নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর  বিরুদ্ধে করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন বাদি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 09:22 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক সিরাজুল হক।

বৃহস্পতিবার তার জবানবন্দি অসমাপ্ত রেখেই দিনের কার্যক্রম শেষ হয়। আদালত আগামী ২৫ জুন পরবর্তী দিন ধার্য করেছেন।

দুদকের আইনজীবী (পিপি) মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষ্যে বাদি কমিশনের নির্দেশে মুফতি ইজাহারের সম্পদের তদন্ত কার্যক্রম সম্পর্কে আদালতে জানান।

এ মামলায় আসামি মুফতি ইজাহার পলাতক আছেন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়ে নোটিস গ্রহণ না করা এবং সম্পদ বিবরণী জমা না দেয়ায় গত বছরের ১৭ সেপ্টেম্বর খুলশী থানায় এ মামলা করা হয়।

গত ২১ এপ্রিল এ মামলার অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রাম অঞ্চল-১ এর উপ-পরিচালক এইচ এম আক্তারুজ্জামান ।

আখতারুজ্জামান জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ থাকায় বিবরণী জমা দিতে মুফতি ইজাহারকে ২০১৩ সালের ৪ জুলাই নোটিস ইস্যু করা হয়।

কিন্তু তিনি নোটিসটি গ্রহণ না করায় ৭ জুলাই দুদক কর্মকর্তারা লালখান বাজার মাদ্রাসায় সেটি ঝুলিয়ে দেন।

গত বছর অক্টোবরে মুফতি ইজাহার পরিচালিত লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় তিন জন নিহত হন।

এই ঘটনায় করা তিনটি মামলায়ও তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে।