২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারী প্রক্টরের পদত্যাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন চারজন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 09:18 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মনিরুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।

সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগকারী শিক্ষকরা হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিউল আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর কায়সার, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দিল আফরোজ এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মো. আ.কাইউম।

পদত্যাগের কারণ সম্পর্কে শিক্ষক সমিতির সভাপতি মো. শফিউল আলম জানান, সহকারী প্রক্টর হিসেবে তারা অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হচ্ছে না।

সহকারী প্রক্টর হিসেবে তাদেরকে মাসে এক হাজার টাকা করে সম্মানি দেওয়া হয়। কিন্তু শিক্ষকদের চেয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা অনেক বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন। তাই তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, ৪ শিক্ষক সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তারা পদত্যাগপত্রে পদত্যাগের কারণ ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করেছেন।

পুরনো খবর:

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ