২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশীদের গৃহকর্মী সুমির জামিননামা দাখিল

পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যার মামলায় তাদের বাসার গৃহকর্মী খাদিজা আক্তার সুমির জামিননামা দাখিল করেছেন তার মা।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 07:45 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার সুমির মা সালমা বেগম নিজের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু আদালতে জামিননামা দাখিল করেন।

গত সোমবার জামিননামা দাখিলের পর সুমির মুক্তি পাওয়ার কথা থাকলেও ওই দিন বাবা-মায়ের কেউই জাতীয় পরিচয়পত্র না আনায় মুক্তি মেলেনি তার।

বিচারক জাকিয়া পারভীন তার জামিননামা গ্রহণ করে সালমা বেগমকে বিচারের প্রতিটি ধার্য তারিখে সুমিকে আদালতে নিয়ে আসার নির্দেশ দেন।

সুমির আইনজীবী সৈয়দ নাজমুল হুদা জানান, বৃহস্পতিবার সুমির মা সালমা বেগম রাঙ্গামাটির লংগদু উপজেলার নতুন বাজার থেকে নিজের জাতীয় পরিচয়পত্র নিয়ে এসে জামিননামা দাখিল করেন।

“তার সঙ্গে সুমির সৎ বাবা নূরুল ইসলাম ছিলেন। বাবা-মায়ের উপস্থিতিতেই জামিননামা দাখিল করা হয় আদালতে। এরপর সুমিকে তাদের জিম্মায় নেয়ার অনুমোদন দেন আদালত।”

বিচারক রাঙ্গামাটির স্থায়ী বাসিন্দা আইন ও শালিস কেন্দ্রের আইনজীবী মেকসুয়েল চাকমা ম্যাক্সকে স্থানীয় জামিনদার নির্বাচিত করেন।

সুমিকে আদালত থেকে ফের গাজীপুরের কিশোরী সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে জামিনের কাগজপত্র পৌঁছালে বৃহস্পতিবারই জামিনে মুক্ত হবে সে, বলেন আইনজীবী নাজমুল।

ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু-আদালতের বিচারক জাকিয়া পারভিনের আদালতে মামলাটির বিচার চলছে।

গত ২০ মে  বিচারক জাকিয়া পারভীন ২০ হাজার টাকা মুচলেকায় বাবা অথবা মায়ের জিম্মায় সুমির জামিন মঞ্জুর এবং বাবা-মায়ের উপস্থিতিতে জামিননামা দাখিল করার নির্দেশ দেন। সেদিন সুমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামি ১৬ জুন সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেয়া হয়।

মামলার অন্য তিন আসামি নিহত দম্পতির একমাত্র মেয়ে ঐশী রহমান এবং তার দুই বন্ধু আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান রনির বিরুদ্ধে মামলার বিচার চলছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। তারা আটক রয়েছেন কাশিমপুর কারাগারে।

গত ৬ মে ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক ঐশী, জনি ও রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামি ৫ জুন সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন ।

গত বছরের ১৬ অগাস্ট রাজধানীর চামেলীবাগের একটি ফ্ল্যাটে এসবি পরিদর্শক মাহফুজ ও স্বপ্নার লাশ পায় পুলিশ।

পরে তাদের স্কুলপড়ুয়া মেয়ে ঐশী থানায় আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ গৃহকর্মী সুমী এবং ঐশীর বন্ধু মিজানুর রহমান জনি ও আসাদুজ্জামান রনিকে গ্রেপ্তার করে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজ ও তার স্ত্রী স্বপ্নাকে হত্যার মামলায় গত ৯ মার্চ এই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় মহানগর গোয়েন্দা পুলিশ।

মামলায় গৃহকর্মী সুমীকে সহায়তাকারী এবং দুই বন্ধুকে ঐশীর আশ্রয়দাতা হিসেবে দেখানো হয়েছে।